২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আর্মি, স্বৈরাচারের পর আ. লীগই গণতন্ত্র এনেছে’

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন দেশে সেনা ও স্বৈরশাসন চললেও আওয়ামী লীগ জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 09:37 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

বুধবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে শেখ হাসিনা  বলেন, “অব্যাহত গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আমাদের গণতন্ত্র বার বার বাধাগ্রস্ত হয়েছে।”

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দু’দিনব্যাপী আন্তর্জাতিক স্থানীয় সরকার সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

তার আগে বক্তব্য দিতে এসে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা বাংলাদেশে জনগণের ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট অ্যাব্রাহাম লিংকনের সেই বিখ্যাত উক্তি ‘গভার্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল’ উদ্ধৃত করে মজিনা বলেন, সাধারণ মানুষের ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ যে অগ্রগতি অর্জন করেছে তা দেখলে প্রেসিডেন্ট লিংকনও অভিভূত হতেন বলে তার বিশ্বাস।

এর সূত্র ধরে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, “একটু আগে আমেরিকার রাষ্ট্রদূত প্রেসিডেন্ট অ্যাব্রাহাম লিংকনের ‘গভার্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল’ এর কথা বললেন। কিন্তু পঁচাত্তরের পর আমাদের অবস্থা কি ছিল? তখন ছিলো অফ দ্য আর্মি, বাই দ্য আর্মি অ্যান্ড ফর দ্য জেনারেল। তারপরই এলো ডিকটেটররা। আর ২০০৭ সালে এলো আর্মি ব্যাকড কেয়ারটেকার গভার্নমেন্ট।”

সর্বস্তরের জনগণের উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার ব্যবস্থার গুরত্ব বোঝাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা গণতন্ত্র বেশিদিন পাইনি। জনপ্রতিনিধিরা যে জনগণের  সেবক- সেই ধারণাটাই ছিল না।”

শেখ হাসিনা তার বক্তব্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের সময়ে সফলভাবে বিভিন্ন উপ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, অতীতে এতো শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশে কেউ পায়নি।

“তখন নির্বাচন মানেই ছিল- ধরধর, মারমার, কাটকাট। সিল মারো বাকশো ভরো। দশটা হোন্ডা, বিশটা গুণ্ডা, নির্বাচন ঠাণ্ডা”

আর বর্তমান সরকারের আমলে নিয়মিত বিভিন্ন নির্বাচন হলেও তাতে ‘ধরধর, মারমার, কাটকাটের’ কোনো খবর গণমাধ্যমে নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভানেত্রী।

শেখ হাসিনা বলেন, “প্রতিটি ক্ষেত্রে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন। আমরা চাই প্রতিটি কাজ হবে স্থানীয় সরকারের মাধ্যমে। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হবে- তা আমরা নিশ্চিত করতে চাই।”

জনগণের উন্নয়ন চাইলে স্থানীয় সরকারকে দায়িত্বশীল হতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

আপদে-বিপদে, সুখে-দুঃখে, দুর্যোগে এলাকার জনগণের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

বর্তমান সরকার  জনগণের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কে কোন দলের সমর্থক বা সদস্য- উন্নয়নের ক্ষেত্রে তা বিবেচনায় আনা হয় না।

এই সম্মেলনের মধ্য দিয়ে জনগণকে আরো কার্যকর সেবা দেয়ার ‘লাগসই উপায়’ বেরিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, “সীমিত সম্পদ নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ দারিদ্র্য বিমোচনে ‘স্টার পারফরমার’ হিসেবে বিশ্ব পরিমণ্ডলে পরিচিতি লাভ করছে।”

“আমরা গ্রামীণ অর্থনীতিকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করাতে চাই।”

গ্রামীণ অর্থনীতিকে জাতীয় অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করে জনগণের উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নের সুযোগ হয়েছে।

নারীর ক্ষমতায়ন বিষয়ে তিনি বলেন, মা ও শিশু স্বাস্থ্যের উন্নতি হয়েছে। শিক্ষার হার বেড়েছে। নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে সমান অবদান রাখতে পারছে। দারিদ্র্য দ্রুত হ্রাস পাচ্ছে। পাঁচ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত হয়েছে। 

তিনি বলেন,  “এখন প্রতিষ্ঠানগুলোর সামর্থ্য বেড়েছে। উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে অংশগ্রহণমূলক নীতি অনুসরণ করা হচ্ছে। জনগণ কার্যকর সেবা পাচ্ছে।”

এই অগ্রগতির জন্য বাংলাদেশের উন্নয়ন সহযোগীদেরও ধন্যবাদ জানান শেখ হাসিনা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিতে এসে তৃণমূলের জনপ্রতিনিধিদের সম্মানী বাড়ানোর অনুরোধ জানান গাইবান্ধার সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান টুলু।

তার এ দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে ভাতা ৩/৪ গুণ বাড়ানো হয়েছে।

স্থানীয় সরকার প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, “ভাতার জন্য নয়। সেবার জন্যই আপনারা। আপনাদের আরো ব্যাপকহারে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে হবে।”

ডেনমার্কের রাষ্ট্রদূত সেভেন্ড ওলিং বলেন, বাংলাদেশে যেভাবে মানব সম্পদ উন্নয়ন হচ্ছে তা বিশ্বমানের। এভাবে চলতে থাকলে বাংলাদেশ ২০২১ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. আজমত উল্লা খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ইউসিএলজি’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের সভাপতি জ্যোতিন ভি মোদি  এবং নাটোরের সিংড়া পৌরসভার মেয়র শামিম আল রাজি বক্তব্য দেন।