২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হরতালে সংঘর্ষ, নিহত ১

সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরের মুক্তির দাবিতে সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতালের শুরুতেই পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়েছে দলটির কর্মীরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 03:25 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

বিশ্বনাথ উপজেলায় সংঘর্ষে নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন দুই পুলিশসহ আরো অন্তত নয় জন। 

বিশ্বনাথের ওসি আবুল কালাম আযাদ জানান, সকাল পৌনে ৮টার দিকে উপজেলার কারিকোনা এলাকায় মিছিল নিয়ে পিকেটিং শুরু করে জামায়াত কর্মীরা। পুলিশ বাধা দিলে লাঠিসোটা নিয়ে তারা হামলা চালায়।

বলেন, “এ সময় তারা বৃষ্টির মতো ঢিল ছুড়তে থাকে। পুলিশ রাবার বুলেট ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

সংঘর্ষে দুই পুলিশসহ ১০ জন আহন হন। গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে গোলাম রব্বানী নামের ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়।

ওসি জানান, নিহত রব্বানীর বাড়ি বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নে। তার বাবার নাম নিজাম উদ্দিন। 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খায়রুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই রব্বানীর মৃত্যু হয়।

বিশ্বনাথে সংঘর্ষ চলাকালে চারজনকে আটক করেছে পুলিশ। জামায়াতে ইসলামী নিহত যুবককে নিজেদের কর্মী বলে দাবি করেছে।

সকালে হরতালের মধ্যে সংঘর্ষ হয়েছে সিলেট শহরের সুবহানি ঘাট এলাকাতেও। সেখানে আহত হয়েছেন চারজন। 

সকাল সাড়ে ৭টার দিকে সেখানে শিবির কর্মীরা মিছিলের চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়।

এ সময় মিছিলকারীরা ঢিল ছুড়তে শুরু করলে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানান সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম।

হরতালে  নাশকতা এড়াতে নগরজুড়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। র্যাব- পুলিশের সঙ্গে মোতায়েন রয়েছে বিজিবি।

বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল শফিউল আযম জানান, ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসাবে ৫ প্লাটুন বিজিবি সদস্য মাঠে রয়েছে।

সকাল থেকে নগরীতে বিচ্ছিন্নভাবে কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করলেও ভারি যানবাহন চলছে না।  সকালে সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি । তবে যথাসময়ে সব ট্রেন ছেড়ে গেছে বলে জানিয়েছেন সিলেটের স্টেশন মাস্টার আবুল কালাম আজাদ।

সিলেট মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জুবায়েরকে গত ১৫ মার্চ ঢাকায় গ্রেপ্তার করে র‌্যাব। নাশকতার পরিকল্পনার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে পাঁচ দিনের হেফাজতে নিয়েছে।

জুবায়েরকে গ্রেপ্তারের পর বুধবার এই হরতাল পালনের  সিদ্ধান্ত নেয় মহানগর ও সিলেট জেলা জামায়াত। সে অনুযায়ী বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।