পিকেটারের হাতেই ফুটল বোমা, আটক ৩
রাজধানীতে হরতালের সমর্থনে হাতবোমার বিস্ফোরণ ঘটাতে গিয়ে আটক হয়েছেন তিনজন। এ সময় একজনের হাতের মধ্যে বিস্ফোরিত হয় একটি বোমা।
পুলিশের ট্রাফিক ইনসপেক্টর মাহাবুব হোসেন জানান, হরতালের সমর্থনে হাতবোমা বিস্ফোরণের সময় শিশু মিয়া, হালিম খান ও মো. লিটনকে আটক করা হয়েছে।
শিশুর হাতেই একটি বোমার বিস্ফোরণ ঘটে জানিয়ে তিনি বলেন, তার হাতে জখম হয়েছে। ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে।
আটক তিনজনকে শাহজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক বিএনপি নেতাদের মুক্তি দাবিতে সোমবার সকাল থেকে বিরোধীদলীয় জোটের ডাকে দুই দিনের হরতাল চলছে। সম্প্রতি হরতালে অহরহ হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। আগের রাতে হাতিরঝিলে প্রাইভেটকারে হাতবোমা নিক্ষেপে তিন চিকিৎসক আহত হয়েছেন।
