২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ পুলিশকে ফেরত দেয়নি নাসাকা

বুধবার আটক করা পুলিশের তিন সদস্যকে এখনও ফেরত দেয়নি মায়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী-নাসাকা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 09:13 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

বুধবার সন্ধ্যায় কক্সবাজারের নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারে ঢোকার সময় তিন পুলিশ সদস্যসহ চার জনকে ধরে নিয়ে যায় নাসাকা।

আটক কনস্টেবল ইমরান, এরফান ও মুজিব উখিয়ার বালুখালী টিভি কেন্দ্র ও কুতুপালং ক্যাম্পের চাকরিরত ছিলেন। এছাড়া নাসাকার হাতে আটক সাইফুল ঘুমধুম সীমান্ত এলাকার বাসিন্দা।

রোববার বিজিবি ও নাসাকা বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর বিজিবির কক্সবাজার-১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান সাংবাদিকদের জানান, “আটক বাংলাদেশীদের নাম ঠিকানায় ভুল থাকায় তাদের ফেরত দেয়নি নাসাকা। এখন আটকদের প্রকৃত নাম-ঠিকানা এবং প্রমাণপত্র নাসাকার হাতে দেয়া হয়েছে।”

নাসাকা যাচাই-বাছাই শেষে পরবর্তী বৈঠকে ফেরতের আশ্বাস দিয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

তিনি আরো জানান, বিজিবির ৮ সদস্যের একটি প্রতিনিধিদল বেলা ১২টায় ঘুমধুম সীমান্তবর্তী মিয়ানমারের ঢেকিবনিয়ার নাসাকা ক্যাম্পে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে।

বিজিবি প্রতিনিধিরা দুপুর ২টায় বৈঠক শেষে ফিরে আসে।