মুখোশ খুলে গেছে খালেদার: হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের পক্ষ নেয়ায় খালেদা জিয়ার মুখোশ উন্মোচন হয়ে গেছে। তাদের পক্ষ নিয়ে সারাদেশে চালানো তাণ্ডবের দায় তাকেই নিতে হবে।
গণভবনে শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি একথা বলেন।
বৈঠকের শুরুতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “বিরোধী দলীয় নেত্রীর মুখোশ খুলে গেছে। তিনি স্বাধীন বাংলাদেশ চাননি, তিনি যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছেন।”
“যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে বিরোধী দলীয় নেতা স্বাধীনতা বিরোধী একটা অবস্থানে চলে গেছেন। এই বিচারের ভার আমি দেশবাসীর প্রতি ছেড়ে দিলাম।”
প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি’র চরিত্র স্পষ্ট হয়ে গেছে। তাদের চরিত্র হলো, খুনিদের রক্ষা করা, লালন-পালন করা এবং খুনিদের মদদ দেয়া।”
শাহবাগের প্রজন্ম চত্বরের প্রতি বিরোধীদলীয় নেতার বিষদগার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “তরুণ সমাজ কেনো যুদ্ধাপরাধীদের বিচার চাইলো। এজন্যই বিরোধী দলীয় নেতা তাদের গালিগালাজ করছেন।”
যুদ্ধাপরাধী সাঈদীর রায়ের পর বিভিন্ন স্থানে তাণ্ডবের দায়িত্ব জামায়াত-বিএনপিকেই নিতে হবে বলেও হুঁশিয়ার করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “এই যে একের পর একটা ঘটনা ঘটাচ্ছে, এর দায় দায়িত্ব বিরোধী দলীয় নেতাকে নিতে হবে।”
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াতি তাণ্ডবের ফলে সৃষ্ট সহিংসতায় প্রাণহানির ঘটনাকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেন বিরোধী দলীয় নেতা।
এজন্য সরকারকে দায়ী করে খালেদা জিয়া বলেন, আগামীতে এই গণহত্যার জন্য বিশেষ ট্রাইব্যুনালে হবে। এক নম্বর ব্যক্তিকে (প্রধানমন্ত্রী) ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
এর বক্তব্যের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “এখন তো মনে হচ্ছে, ট্রাইব্যুনাল করে বিচার করা দরকার-২০০১ এর পরে যে হত্যা হয়েছে। এই সকল ঘটনার রেকর্ড আছে।”
দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “উনি (খালেদা জিয়া) সর্প হয়ে দংশন করেন, ওঝা হয়ে ঝাড়ছেন। জামাতের সঙ্গে হাত মিলিয়ে উনি পুলিশ হত্যা করছেন।”
“নিজেরা হত্যা করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। পুলিশের ওপর হামলা করলে কী পুলিশ ফুলের মালা নিয়ে বসে থাকবে,” প্রশ্ন রাখেন শেখ হাসিনা।
বায়তুল মোকাররমে তাণ্ডব সৃষ্টি করার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “জুমার নামাজ পড়তে দিলো না। ইমাম আর খতিবদের অপমান করলো। সালাম ফেরানোর আগেই স্লোগান দিয়ে জায়নামাজে আগুন দিলো।”
জিয়াউর রহমান রাষ্ট্রিয় ক্ষমতা গ্রহণ করার পর ১৯৭৭ সালের ১২জন পাইলটসহ বিমান বাহিনীর ৬৬৫ জন সদস্যকে হত্যা করার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এছাড়াও ২০০১ সালে বিএনপি-জামাত জোট ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “২০০১ সালে তাদের হাত থেকে প্যাগোডা, মন্দির, মসজিদ আর গির্জা কিছুই রক্ষা পায় নাই।”
পাশাপাশি অপারেশন ক্লিন হার্টের সময় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা কেন্দ্রে অভিযান চালিয়ে মালামাল তুলে নেয়ার কথা উল্লেখ করেন তিনি।
বিডিআর বিদ্রোহের বিচারের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “যারা আপরাধ করেছে তাদের বিচার হবেই। এর আগে এতো বড় সংখ্যক আসামির বিচার একসঙ্গে হয়নি। আমরা পুরো স্বচ্ছভাবে এই বিচার করছি। বিডিআরের ঘটনায় যারা অভিযুক্ত তাদের যেনো ক্যাপিটাল পানিশমেন্ট হয়- সেজন্য, আমরা কিছু আইনও রিফর্ম করেছি।”
উপদেষ্টা পরিষদের বৈঠকে তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, স্বরাষ্ট্র মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, কে এম শফিউল্লাহ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ ও হোসেন তৌফিক ইমাম, কাজী আকরাম উদ্দিন প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
