অধ্যাপক জামাল নজরুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিদ অধ্যাপক জামাল নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার রাতে বন্দরনগরীর একটি বেসরকারি হাসপাতালে জীবনাবসান ঘটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইমেরিটাস অধ্যাপকের। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অধ্যাপক জামাল নজরুলের মৃত্যু শুধু দেশের জন্যই নয়, সারা বিশ্বের বিজ্ঞানের জন্য বড় ক্ষতি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, বিজ্ঞানের ক্ষেত্রে প্রয়াত এই অধ্যাপকের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “এ ক্ষতি পূরণযোগ্য নয়।”
শেখ হাসিনা প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।
অধ্যাপক জামাল নজরুলের জন্ম ১৯৩৯ সালের ২৪ জানুয়ারি। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
অধ্যাপক জামাল নজরুল মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য বিশেষভাবে খ্যাত।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভৌতবিজ্ঞান ও গবেষণা কেন্দ্রে গবেষণা করতেন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন তিনি।
মাতৃভাষায় বিজ্ঞান চর্চায় অবদানের জন্য ২০০১ সালে একুশে পদকে সম্মানীত করা হয় অধ্যাপক জামাল নজরুলকে। ১৯৮৫ সালে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্ণপদক পান তিনি।
অধ্যাপনার পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনের সংগঠকদেরও প্রেরণা যোগাতেন জামাল নজরুল। দেশের উন্নয়ন নিয়েও ভাবনা ছিল তার। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর আক্রমণ বন্ধের উদ্যোগ নিতে বলেছিলেন তিনি।
