২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সিগঞ্জ যাচ্ছেন খালেদা জিয়া

সম্প্রতি জামায়াতি তাণ্ডবের মধ্যে মুন্সিগঞ্জে ক্ষতিগ্রস্ত কালী মন্দির পরিদর্শন করতে বিকালে লৌহজংয়ে যাচ্ছেন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2013, 04:56 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপি চেয়ারপার্সন শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর গুলশান থেকে রওনা হবেন। সেখানে তিনি গোয়ালীমান্দ্রা মনিপাড়া কালীমন্দির পরিদর্শন করবেন।”

এরপর গোয়ালীমান্দ্রা বাজার মোড়ে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশেও তার বক্তব্য দেয়ার কথা রয়েছে।

যুদ্ধাপরাধের মামলায় গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় আসার পর সারা দেশে ব্যাপক সহিংসতা শুরু করে জামায়াতে ইসলামী। বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরেও হামলা ও ভাংচুর চালায় তারা।  

৩ মার্চ রাতে গোয়ালীমান্দ্রার ওই কালিমন্দিরের প্রতিমা ভাংচুর করে আগুন দেয়া হয়।

ওই ঘটনায় মন্দির কমিটির সভাপতি অনিল চন্দ্র দাসের করা মামলায় চারজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

স্থানীয় আদালত তাদের জামিন দিলেও উচ্চ আদালতের নির্দেশে পরে তাদের জামিন বাতিল করে রিমান্ডে পাঠানো হয়।

দেশের বিভিন্ন স্থানে এসব সাম্প্রদায়িক হামলার ঘটনায় জামায়াত-শিবির কর্মীদের আসামি করে মামলা হলেও জামায়াতের প্রধান শরিক বিএনপি বলে আসছে, সরকারই পরিকল্পিতভাবে সংখ্যালঘু নির্যাতন করছে। 

বিরোধী দলীয় নেতার প্রেস সচিব বলেন, “সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর জন্যই খালেদা জিয়া মুন্সিগঞ্জ যাচ্ছেন।”

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপুসহ স্থানীয় নেতারা বৃহস্পতিবার রাতে গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে এই কর্মসূচি চূড়ান্ত করেন।