২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ফলের অপেক্ষা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৩-১৪ কার্যবর্ষের নির্বাচনের দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 02:04 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

ভোটগ্রহণ শেষ হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক নুর হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমিতির ২০১৩-১৪ কার্যবর্ষের নির্বাচনে ৪ হাজার ৪৫ জন ভোটারের মধ্যে তিন হাজার দুইশ’র মতো ভোট পড়েছে। রাত সাড়ে আটটায় ভোট গণনা শুরু হবে। অন্য বছরের অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে, ফল প্রকাশ রাত ১টার পর হবে।

এবারের নির্বাচনে সরকারি দল সমর্থক আইনজীবীদের জোট সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে সভাপতি পদে আবদুল বাসেত মজুমদার এবং সম্পাদক পদে মো. রবিউল আলম বুদু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাসেত-বুদু প্যানেলে সহ-সভাপতির দুটি পদে শেখ আওসাফুর রহমান ও সারওয়ার আহমেদ, কোষাধ্যক্ষ পদে মো. আমির হোসেন এবং সহ-সম্পাদক পদে মো. সুজা আল ফারুক ও মোহাম্মদ আলী আজম লড়ছেন।

সদস্য পদে এই প্যানেলের ৭ প্রার্থী হলেন- মো. হাবিবুর রহমান হাবিব, গৌরাঙ্গ চন্দ্র কর, মো. আনোয়ার হোসেন রেজা, আয়েশা ফ্লোরা, হোসনে আরা বেগম বাবলী, আবুল কালাম আজাদ ও জহিরুল ইসলাম ভূঁইয়া।

অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পক্ষে সভাপতি পদপ্রার্থী এ জে মোহাম্মদ আলী সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা।

সম্পাদক পদপ্রার্থী সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিএনপির যুগ্ম মহাসচিব এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব।

এই প্যানেলে সহ-সভাপতির দুটি পদে এ বি এম ওয়ালিউর রহমান খান, মো. শাহজাদা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সম্পাদকের দুটি পদে লড়ছেন এবিএম রফিকুল ইসলাম রাজা এবং মোহাম্মদ সাইফুর রহমান। এই প্যানেলের কোষাধ্যক্ষ প্রার্থী হচ্ছেন রবিউল করিম।

এই প্যানেলের সাত সদস্য প্রার্থী হলেন, আঞ্জুমান আরা বেগম, ফাতেমা খাতুন, মোহাম্মদ মিজানুর রহমান মাসুম, মো. আলমগীর হোসেন, মো. কামরুজ্জামান সেলিম, মো. তাজুল ইসলাম মজুমদার ও মো. ওয়াহিদুজ্জামান সোহেল।

এই দুই প্যানেলের বাইরে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদা এবং ড. ইউনুস আলী আকন্দ।

গত ২০১২-১৩ কার্যবর্ষে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে সভাপতি পদে বিএনপি-জামায়াত সমর্থিত জয়নুল আবেদীন বিজয়ী হলেও সম্পাদকসহ সংখ্যাগরিষ্ঠ পদ পেয়েছিল সরকার সমর্থক আইনজীবীরা।

ওই নির্বাচনের আগে সরকার সমর্থকরা বিভক্ত হয়ে পড়লেও শেষ পর্যন্ত তারা এক মঞ্চে আসেন।