২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্বর্ণালঙ্কার কর্মচারীর লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারে একটি স্বর্ণালঙ্কারের দোকান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 11:44 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

রঞ্জন চন্দ্র সরকার (৩৫) নামে ওই ব্যক্তি দোকানের কর্মচারী ছিলেন। তার বাড়ি কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের গাছবাড়ী এলাকায়। বাবার নাম দশরথ চন্দ্র সরকার।

দুপুরে শ্রীপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শ্রীপুর থানার ওসি আমির হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দোকান খুলতে গিয়ে মালিক বিষ্ণু চন্দ্র সরকার শার্টার খোলা পান। পরে ভেতরে ঢুকে বিছানায় শুয়ে থাকা কর্মচারী রঞ্জন চন্দ্র সরকারকে ডাকতে থাকেন। তবে এতে তার সাড়া না পেয়ে গায়ে জড়ানো কাথা তুলে তার রক্তাক্ত লাশ দেখতে পান।

খবর পেয়ে বিকেল ৪ টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপতাল মর্গে পাঠানো হয়।

নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, এছাড়া নাক ও দুই কান দিয়ে রক্ত বের হতে দেখা গেছে।

ওসি জানান,  পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।