কুড়িগ্রামে শান্তিপূর্ণ হরতাল পালিত
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে কুড়িগ্রামে আধাবেলা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
জেলা বিএনপির ডাকা বৃহস্পতিবারের হরতালের সকালে দলটির নেতাকর্মীরা শহরে মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়।
এছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি বলে জানায় সদর থানার ওসি মঈনুল ইসলাম।
হরতালে শহর থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। বন্ধ ছিল অভ্যন্তরীণ রুটের বাস চলাচল।
তবে শহরে রিকশা, অটোরিকশা, রিকশাভ্যান, মোটরসাইকেল চলাচল স্বাভাবিক ছিল। স্কুল-কলেজ-ব্যাংক-বীমাসহ অফিস-আদালতের কার্যক্রম ছিল স্বাভাবিক। অধিকাংশ দোকানপাটও ছিল খোলা।
ভোর থেকেই কুড়িগ্রাম শহরে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। পুরাতন পোস্ট অফিস পাড়ার জেলা বিএনপি কার্যালয় ঘিরে রাখে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে হরতালের সমর্থনে জেলা বিএনপি একটি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে করেন নেতারা।
সকাল ১০টার দিকে পৌর বিএনপি শহরের দাদামোড়ে সমাবেশ করে। জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ সকাল ১১টার দিকে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
এসব সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজ, মোস্তাফিজুর রহমান, সহিরুজ্জামান সাজু, আবু বকর সিদ্দিক, শফিকুল ইসলাম বেবু, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, হাসিবুর রহমান হাসিব, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র নুর ইসলাম নুরু, রেহানা খানম বিউটি প্রমুখ।
