কক্সবাজারে যুবক খুন
কক্সবাজার শহরে এক যুবকের ছুরিকাঘাতে আরেক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার শহরের পাহাড়তলী এলাকায় এ হামলায় নিহত সুরত আলম (২৫) স্থানীয় জিয়া নগরের ওসমান গণির ছেলে।
ঘটনাস্থল থেকে অভিযুক্ত জানে আলমকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। জানে আলম একই এলাকার প্রয়াত মোহাম্মদ সোলেমানের ছেলে।
কক্সবাজার সদর থানার ওসি মিজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে জানে আলম হঠাৎ সুরত আলমকে ছুরি মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, বলেন পুলিশ কর্মকর্তা।
