২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযমের আইনজীবীকে জরিমানা

শুনানিতে উপস্থিত না হওয়ায় জামায়াতের সাবেক আমির গোলাম আযমের আইনজীবী মিজানুল ইসলামকে এক হাজার টাকা জরিমানা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 09:43 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার এই আদেশ দেয়।

মিজানুল ইসলামকে জরিমানার টাকা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে তা ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে জানাতে বলা হয়েছে।

এ মামলায় যুক্তিতর্ক শোনার জন্য বুধবার নতুন দিন রেখেছে ট্রাইব্যুনাল।

একাত্তরে হত্যায় সহায়তা,ষড়যন্ত্র ও প্ররোচনাসহ পাঁচ ধরনের ৬১টি অভিযোগে গোলাম আযমের বিচার চলছে।

মঙ্গলবার তার পক্ষে তৃতীয় দিনের মতো আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য থাকলেও তার আইনজীবী মিজানুর রহমান ট্রাইব্যুনালে বলেন, আসামিপক্ষের প্রধান আইনজীবী মিজানুল ইসলাম ব্যকত্গিত কারণে উপস্থিত হতে পারেননি। শুনানির জন্য সময়েরও আবেদন করেন তিনি।

এ আবেদনের বিরোধিতা করে প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, এর আগেও হরতালের কারণ দেখিয়ে ট্রাইব্যুনালে না এসে মিজানুল ইসলাম বার বার সময় নিয়েছেন। বিচার বিলম্বিত করতে এটা করা হচ্ছে।

এ সময় মিজানুল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা করার আবেদন জানান মালুম।

এরপর ট্রাইব্যুনাল মিজানুলকে এক হাজার টাকা জরিমানা করে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য নতুন দিন রাখেন।

ট্রাইব্যুনালের আদেশে বলা হয়,অ্যাডভোকেট মিজানুল ইসলাম না আসার জন্য যে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন, তাতে ট্রাইব্যুনাল সন্তুষ্ট নয়। এর আগেও বার বার তিনি এটা করেছেন।এতে বিচারিক প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে।

এ ধরনের কাজ আবারো করা হলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করে দেয় ট্রাইব্যুনাল।  

গত বছরের ১৩ মে গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। গত বছরের ১১ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়।