২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনসংহতি সমিতির চার সদস্যকে হত্যার অভিযোগ

রাঙামাটির লংগদু উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা) চার সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 09:28 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

পুলিশ ও স্থানীয় একজন জনপ্রতিনিধি হতাহতের ঘটনা স্বীকার করলেও ঠিক কতোজন নিহত হয়েছেন- তা নিশ্চিত করতে পারেননি।

প্রথমে তিনজন নিহত হওয়ার কথা নিশ্চিত করলেও পরে আরেকজনের লাশ পাওয়া যায়।

এম এন লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির নেতারা এ ঘটনার জন্য সংগঠনের সন্তু লারমা নেতৃত্বাধীন অংশকে দায়ী করলেও তারা তা অস্বীকার করেছেন

লংগদু থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সন্ধ্যায় বলেন, প্রথমে তিনটি লাশ পাওয়া যায়। পরে সুখেন চাকমার (২২) লাশ পাওয়া যায়।

এর আগে জনসংহতি সমিতির (এম এন লারমা) রাঙামাটি জেলা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রশান্ত চাকমা দাবি করেন, উপজেলার মধ্যছড়া এলাকায় সংগঠনের রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক সুদীর্ঘ চাকমা, জীবন চাকমা ও জ্ঞানেন্দু চাকমা নিহত হয়েছেন।

এছাড়া আলো চাকমা  নামে আরেক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলেও দাবি করেন প্রশান্ত।

তিনি বলেন, সমিতির কয়েকজন সদস্য তিন দিন আগে ওই এলাকায় যান সাংগঠনিক কাজে। মঙ্গলবার সকাল ১১টায় মধ্যছড়া এলাকায় ১০-১৫ জন সশস্ত্র যুবক অতর্কিতে তাদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান।

দলটির জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতারা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলেও ১৮ দলীয় জোটের হরতালের কারণে সেখানে যেতে পারছেন না বলে প্রশান্ত চাকমা জানান।

লংগদু থানার ওসি রোজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।”

লংগদু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুখময় চাকমাও বলেছেন, তিনি হতাহতের বিষয়টি শুনেছেন।

অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করে জনসংহতি সমিতির মুখপাত্র সজীব চাকমা বলেছেন, “এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জনসংহতি সমিতি জড়িত নয়।”

দ্বন্দ্বের জেরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু লারমা) থেকে বেরিয়ে গিয়ে কিছু সদস্য দুই বছর আগে জনসংহতি সমিতি (এম এন লারমা) নামে আলাদা কার্যক্রম শুরু করে।