২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নিষিদ্ধ না করা পর্যন্ত আন্দোলন চলবে খুলনাবাসীর

যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ করেছে খুলনাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

খুলনা, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 02:21 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

সোমবার দুপুরে নগরীর শহীদ হাদিস পার্কের বেদীর পাদদেশে দাঁড়িয়ে সর্বস্তরের হাজার হাজার মানুষ এ শপথ পাঠ করেন।

শপথ বাক্য পাঠ করায় ছোট্ট শিশু সীমন্তি।

পেশাজীবী সমন্বয় পরিষদ খুলনা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করলেও কোন সংগঠনের ব্যানার বা ফেস্টুন ছিল না শপথগ্রহণ অনুষ্ঠানে।

এর আগে সকাল ১০টার দিকে নগরীর শিববাড়ী মোড়ে মিছিলের জন্য সমবেত হয় খুলনাবাসী।

ট্রাকের ওপর তৈরি ভ্রাম্যমাণ মঞ্চে গণসঙ্গীত পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী। বেলা ১১টায় সমবেত জাতীয় সংঙ্গীতের পর শুরু হয় ঘৃণা মিছিল।

মিছিলটি শিববাড়ী থেকে শুরু হয়ে শহীদ হাদিস পার্কে শপথগ্রহণের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন এবং মুখোশ দেখা যায়। একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদন্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর বিশাল একটি কুশ পুত্তলিকা তৈরি করে তার গলায় জুতার মালা পরিয়ে মিছিলের সঙ্গে প্রদক্ষিণ করানো হয়।

এছাড়াও যুদ্ধাপরাধী গোলাম আযম, মতিউর রহমান নিজামী, মোহাম্মদ কামারুজ্জামান, সালাহ উদ্দিন কাদের চৌধুরী ও কাদের মোল্লার মুখাবয়ব তৈরী করে মিছিলে রেখে তার প্রতি ঘৃণা প্রকাশ করা হয়।

মিছিল ও শপথ অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য  ও পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য ও পরিষদের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা কমান্ডের আহ্বায়ক সরদার মাহবুবার রহমান, মহানগর কমান্ডের আহ্বায়ক অধ্যাপক আলমগীর কবীর, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের খুলনা বিভাগীয় সভাপতি প্রকৌশলী লিয়াকত আলী শরীফ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান প্রমুখ উপস্থিত ছিলেন।