‘সহযোগিতা আনতে পারে অনেক বেশি সাফল্য’
বিশ্বায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিকগুলো চিহ্নিত করে সিরডাপ সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার ঢাকায় সিরডাপের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বায়নের ফলে আমরা নতুন নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনার সম্মুখীন। আমাদের একদিকে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, অন্যদিকে সম্ভাবনাগুলোককে কাজে লাগাতে হবে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র উপকূলীয় দেশগুলো হুমকির মুখে পড়েছে। আমাদের সম্মিলিতভাবে এসব সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসতে হবে।”
শেখ হাসিনা বলেন, একক উদ্যোগ অনেক সময় সফল হলেও পারস্পরিক সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে অনেক বেশি সফলতা আসতে পারে।
“আমি আশা করি, সদস্য দেশসমূহের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সিরডাপ সদস্য রাষ্ট্রগুলোর কল্যাণে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে।”
বাংলাদেশ সরকারের ২০ লাখ ডলার অনুদানে পূর্ত মন্ত্রণালয় এই কনফারেন্স সেন্টার ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জানান, ভারত সরকার এই ভবনে একটি তথ্য প্রযুক্তি কেন্দ্র (আইসিটি সেন্টার) প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে। মালয়েশিয়া সরকার কনফারেন্স সেন্টারের জন্য বেশকিছু আসবাবপত্র দিয়েছে।
“এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি, সকল সদস্য দেশ একই ধরনের সহযোগিতার হাত প্রসারিত করে সিরডাপকে একটি আধুনিক ও দক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সহায়তা করবেন”, বলেন প্রধানমন্ত্রী।
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র- সিরডাপের সদস্য দেশগুলোকে এ অঞ্চলের জনগণের কল্যাণে নতুন নতুন কর্মসূচি নিয়ে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
১৫ দেশের এই জোটের সদরদপ্তর বাংলাদেশে হওয়ায় বাংলাদেশিরা গর্বিত বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার ফলে বাংলাদেশের অর্থনীতি সুদৃঢ় ভিত্তির ওপর রয়েছে। ৬.৫ শতাংশ হারে প্রবৃদ্ধির ধারা বজায় রয়েছে। কর আদায় দ্বিগুণ হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়ে গেছে ১৪ বিলিয়ন ডলার।
“নানা সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশ অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে”, বলেন প্রধানমন্ত্রী।
সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য উৎপাদন ও বিদ্যুৎ খাতে বাংলাদেশের সাফল্যগুলো প্রধানমন্ত্রী অনুষ্ঠানে তুলে ধরেন এবং দুর্নীতি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানান।
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ‘ডিজিটাল বাংলাদেশে’ রূপান্তরিত করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।
সিরডাপ সদস্য দেশগুলোর উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, “আসুন, আমরা সকলে মিলে এ অঞ্চলের প্রতিটি দেশকে আধুনিক, উন্নত এবং শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করি।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিরডাপের মহা পরিচালক সিসেপ এফেন্দি। অন্যদের মধ্যে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক অনুষ্ঠানে বক্তব্য দেন।
