২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ১৭

চাঁপাইনাবগঞ্জে যুবলীগ কর্মী হত্যা এবং ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 06:06 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক জানান, রোববার  রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে জামায়াত-শিবিরের ১৬ ও বিএনপির একজন রয়েছেন।

তিনি জানান, সদর উপজেলা থেকে ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মী, শিবগঞ্জ জামায়াতের চার কর্মী, গোমস্তাপুর থেকে জামায়াতের দুই জন, নাচোল থেকে জামায়াতের একজন  এবং ভোলাহাট থেকে জামায়াতের সাত কর্মী ও বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ভোলাহাট থানার ওসি ফরহাদ হোসেন বলেন, গত ৭ মার্চ বিএনপি-জামায়াতের হরতালে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহতের মামলায় জামায়াত ও বিএনপির আট কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া যুদ্ধাপরাধে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর গত ২৮ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় বাকিদের গ্রেপ্তার করা হয়েছে।

ওই দিন শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় জামায়াতের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান।

সোমবার সকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।