সাতকানিয়ায় সড়কে উঠে পুলিশ দেখে পালাল জামায়াতকর্মীরা
১০ নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে সাতকানিয়ায় জামায়াত-শিবিরকর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধের চেষ্টা চালিয়েছে।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে হাসমতের দোকান এলাকায় সড়কে অবস্থান নেয় জামায়াত-শিবিরকর্মীরা। তবে অবরোধের ১৫ মিনিটের মধ্যে পুলিশ তাদের তুলে দেয়।
সাতকানিয়া থানার ওসি মো. ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত-শিবিরকর্মীরা সড়ক অবরোধের চেষ্টা করেছিল। তবে পুলিশ গেলে তারা পালিয়ে যায়।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর সাতকানিয়ার বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায় জামায়াত-শিবিরকর্মীরা। পরদিন পুলিশ ও শিবিরকর্মীদের সংঘর্ষে মারা যায় তিনজন।
এসব ঘটনায় শনিবার রাতে সাতকানিয়ার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের দুই নেতাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি ইসমাইল।
এদের মধ্যে সাতকানিয়া ছদাহা ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মোহাম্মদ হোসেন এবং সাতকানিয়া পৌর ওয়ার্ড কমিশনার আবদুল খালেকও রয়েছেন।
