জামায়াত জঙ্গি দলে পরিণত হয়েছে: ইনু
দেশের বিভিন্ন স্থানে তাণ্ডবের মধ্য দিয়ে জামায়াত-শিবির ‘সন্ত্রাসবাদী ও জঙ্গিবাদী’ দল হিসেবে ‘আত্মপ্রকাশ করছে’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার পিআইডির সম্মেলন কক্ষে আয়োজিক এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকার সন্ত্রাস দমন আইনে দলটিকে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে।
“জামায়াত নির্বাচন কমিশনে নিবন্ধিত দল এবং তারা নির্বাচনেও অংশগ্রহণ করে। কিন্তু সম্প্রতি জামায়াত-শিবির যা করেছে তা গণ আন্দোলন নয়। তাদের সাম্প্রতিক তৎপরতা সম্পূর্ণভাবে অন্তর্ঘাতমূলক, সন্ত্রাসবাদী, জঙ্গিবাদী ও আতঙ্কবাদী কর্মকাণ্ড। এসব কর্মকাণ্ড নাশকতামূলক, সুপরিকল্পিত ও সুসংগঠিত”, বলেন ইনু।
একাত্তরে যুদ্ধাপরাধের মামলার রায়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন ও দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর দেশের বিভিন্ন স্থানে পুলিশ, রাষ্ট্রীয় স্থাপনা ও ধর্মীয় সংখালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা-ভাংচুর- অগ্নিসংযোগ করে দলটির কর্মীরা। এসব ঘটনায় সংঘর্ষে পুলিশসহ অন্তত ৭০ জন নিহত হয়েছেন।
এই তাণ্ডবের বিবরণ দিয়ে মন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, রেল লাইন উপড়ে ফেলা, বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়ে দেয়া, চলন্ত বাসে আগুণ দিয়ে মানুষ পুড়িয়ে মারা, সরকারি স্থাপনায় হামলা করে দলিল-দস্তাবেজ ও মূল্যবান সামগ্রী ধ্বংস করা, পুলিশ স্টেশনে হামলা করে পুলিশ সদস্যদের হত্যা, রাস্তা কেটে ফেলা, ব্যবসা প্রতিষ্ঠান ও মানুষের বাড়িঘরে হামলা এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার মতো ঘটনা ঘটিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।
“এসবই সন্ত্রাসী-অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড। জামায়াত শিবিরের কর্মকাণ্ড দেখে এটা ফুটে উঠছে যে, তারা সন্ত্রাসবাদী, জঙ্গী দলে রূপান্তরিত হচ্ছে।”
“একটি দল যদি চূড়ান্তভাবে সন্ত্রাসী ও জঙ্গিবাদী দলে পরিণত হয়, তাহলে আইন প্রয়োগ করে নিষিদ্ধ করা যায়। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছি আমরা।”
তথ্যমন্ত্রী দাবি করেন, বাংলাদেশের গণমাধ্যম ‘সম্পূর্ণ স্বাধীণভাবে’ কাজ করছে। সরকার কোনো হস্তক্ষেপ করছে না। বরং দু’একটি পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়া এ স্বাধীনতার অপব্যবহার করছে।
“বিরোধীদলীয় নেতা-নেত্রী ও এসব গণমাধ্যমকে মিথ্যা রটানো বন্ধের আহ্বান জানাচ্ছি”, বলেন মন্ত্রী।
বিরোধীদলীয় নেতাকে জামায়াতের ‘সঙ্গ’ ছাড়ারও আহ্বান জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, “কতিপয় বিদেশি গণমাধ্যম বাংলাদেশের ঘটনার সঠিক চিত্রায়ন করছে না। কেউ কেউ বলছে সরকার ইসলামিস্টদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। কিন্তু এখানে প্রকৃত শব্দ হবে ‘ইসলামিস্ট মিলিট্যান্ট’।”
এক প্রশ্নের জবাবে ইনু জানান, যেসব স্থানে হামলা ও গুলির ঘটনা ঘটেছে সেসব স্থানে নির্বাহী তদন্ত হচ্ছে।
“আমরা দেখেছি, দেশের কয়েকটি স্থঅনে চোরাগুপ্তা হামলা হয়েছে। সেখানে স্থানীয় প্রশাসনের ব্যর্থতা ছিল কি-না তাও দেখা হবে।”
