‘জামায়াতের মুখোশ উন্মোচন করায় আলেমদের হত্যার পরিকল্পনা’
আলেমরা জামায়াতের ‘মুখোশ’ উন্মোচন করছেন বলেই জামায়াত-শিবির তাদের হত্যার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সাত আসনের সাংসদ মাঈনুদ্দিন খান বাদল।
চট্টগ্রামের ১০ আলেমকে হত্যার পরিকল্পনার প্রতিবাদে শনিবার সকালে আয়োজিত এক মানববন্ধনে সংহতি জানাতে এসে তিনি একথা বলেন।
জাসদ নেতা বাদল বলেন, “আলেমরা রাজনীতিতে জড়িত নন। তারা ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে জামায়াতে ইসলামীর মুখোশ উন্মোচন করে দিচ্ছেন।”
নগরীর মুরাদপুর থেকে বারিক বিল্ডিং পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন স্থানে মানববন্ধন হয়।
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউছিয়া কমিটি বাংলাদেশ যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।
এতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অলেমরা অংশ নেন।
মানববন্ধনে আলেমরা বলেন, ১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যা করে যেভাবে দেশকে মেধাশূন্য করেছে জামায়াত-শিবির, বর্তমানে একইভাবে তারা আলেমদের হত্যা করে দেশকে ইসলামী নেতৃত্বশূণ্য করতে চায়।
‘জামায়াত-শিবির মূলধারার ইসলামকে মানুষের সামনে ঘৃণ্য ও বিকৃতভাবে উপস্থাপন করে বিশ্ব দরবারে ইসলাম সম্পর্কে নেতিবাচক ও জঙ্গীবাদী ভাবধারা তৈরি করছে।’
তারা অারো বলেন, ইসলাম শান্তির ধর্ম। অন্য ধর্মের উপর হামলা ও অসম্মান ইসলাম কখনও প্রশ্রয় দেয় না।
‘যারা সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির জ্বালিয়ে, সম্পদ নষ্ট করে এবং পুলিশ হত্যা ও শিশু-নারীদের ঢাল হিসেবে ব্যবহার করছে তারা কখনও প্রকৃত মুসলমান হতে পারে না।’
মানববন্ধনে বক্তারা কোরআন-হাদিসের বিভিন্ন আয়াত এবং মহানবী হযরত মোহাম্মদ (স.) এর মানব কল্যাণমুখী বিভিন্ন কাজের বর্ণনা দেন।
তারা দেশের শীর্ষ ১০ আলেমকে হত্যার মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ সারাদেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মহসীন, জেনারেল সেক্রেটারি আনোয়ার হোসেন, মো. শামসুদ্দীন, মো. সিরাজুল হক, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি আনোয়ারুল হক, আবদুল হামিদ, মহাসচিব শাহজাদা ইবনে দিদার প্রমুখ।
