২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরশুরামে বিএনপি অফিসের সামনে বোমা বিস্ফোরণ

ফেনীর পরশুরাম উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে শুক্রবার রাতে হাতবোমা বিস্ফোরণে চারজন আহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 11:21 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

এ ঘটনার প্রতিবাদে শনিবার সকালে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আহতরা হলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাফর উল্লাহ, বিএনপিকর্মী তারা মিয়া, আবুল খায়ের পাকিস্তানী ও যুবদলকর্মী সুমন।

তাদের পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

রাত ১০টার দিকে এ বিস্ফোরণের সময় আহতরা বিএনপি কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পরশুরাম মডেল থানার ওসি মো. আলী আশরাফ ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

শনিবার দুপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেব বাদী হয়ে পরশুরাম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দলের উপজেলা সাধারণ সম্পাদক আবু তালেব অভিযোগ করেন, সারাদেশে অস্থিরতা তৈরি করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের ইস্যুকে বাধাগ্রস্ত করার জন্য এ বোমা হামলা চালানো হয়েছে।

তিনি এ হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলন শেষে পরশুরাম বাজারে মানববন্ধন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।