২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্বকি হত্যাকাণ্ড: আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন

তানভীর মোহাম্মদ ত্বকি নিখোঁজের খবর জানানোর পরও পুলিশ-র‌্যাবের কোনো তৎপরতা ছিল না বলে অভিযোগ করেছেন নিহত এই স্কুলছাত্রের বাবা রফিউর রাব্বি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুজিবুল হক পলাশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 10:55 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোনো ঘাটতি ছিল না বলে দাবি করেছেন পুলিশ প্রধান হাসান মাহমুদ খন্দকার।

নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির ছেলের লাশ শুক্রবার উদ্ধার করা হয়। বুধবার থেকে নিখোঁজ ছিল সে।

ছেলে নিখোঁজ হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি করেন রফিউর, র‌্যাবকেও তা জানান তিনি।   

“কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎরপরতা দেখিনি,” শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।

“র‌্যাব থেকে কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়। কিন্তু এই জাতীয় কমিটি গঠন করে আসলে কোনো লাভ  হয় না।”

“নারায়ণগঞ্জের মানুষের মধ্যে একটা ধারণা আছে, একটি বিশেষ মহলের কথায় উঠে বসে র‌্যাব-১১ অফিস। এই কারণেই ত্বকীর ঘটনাটি ঘটেছে।”

“প্রশাসনকে যখন জানানো হলো- তখন তারা তৎপর হলে লাশ নিয়ে আসতে হত না।”

Image
তানভির মোহাম্মদ ত্বকি হত্যাকাণ্ডের বিচার দাবিতে স্কুলশিশুদের মিছিল।

তানভির মোহাম্মদ ত্বকি হত্যাকাণ্ডের বিচার দাবিতে স্কুলশিশুদের মিছিল।

ত্বকি হত্যাকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের ডাকে এবং বামপন্থী দলগুলোর সমর্থনে শনিবার সর্বাত্মক হরতাল পালিত হয়।

রফিউর একটি মামলা করলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো তদন্ত করে হত্যাকাণ্ডের কারণ এবং খুনিদের চিহ্নিত করতে পারেনি।

এর আগের কয়েকটি হত্যাকাণ্ড তুলে ধরে রফিউর বলেন, “নাট্যকর্মী দিদারুল আলম চঞ্চল, ব্যবসায়ী আশিককে হত্যা করা হয়েছে। কিন্তু কোনো কিছু হল না।

“কারা হত্যাকাণ্ড ঘটাল, তা নারায়ণগঞ্জবাসী জানলেও প্রশাসন জানে না । জানে না র‌্যাব ও পুলিশ; যে কারণে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে।”

নারায়ণগঞ্জের মানুষ এই কারণে প্রশাসনের প্রতি আস্থা হারিয়েছে বলে দাবি করেন সাংস্কৃতিক আন্দোলনের এই সংগঠক। রফিউর নারায়ণগঞ্জে নাগরিক সমস্যা নিয়ে বিভিন্ন আন্দোলনেরও সংগঠক।

ছেলের মৃত্যুর কারণ নিজের এই সক্রিয়তা বলে মনে করলেও এই পথ থেকে পিছু না হটার কথাও জানালেন তিনি।

“একটা বিষয় আমি পরিষ্কার বলতে চাই- যদি বাস ভাড়া কমানোর বিষয়টি অন্যায় হয়ে থাকে, ভূমিদস্যুদের বিরুদ্ধে রেলওয়ের ভূমি রক্ষা করা অন্যায় হয়ে থাকে, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ করাটা অন্যায় হয়ে থাকে এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি করা অন্যায় হয়ে থাকে,  তাহলে এই অন্যায় আমৃত্যু করে যাব। তারা যে ঘটনাই ঘটাক না কেন, এই আন্দোলন চালিয়ে যাবই।”

স্কুলছাত্র ত্বকির কোনো শত্রু ছিল না জানিয়ে তিনি বলেন, “ওর মৃত্যুটা আমার কারণেই।”

তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আন্দোলনে সম্পৃক্ত রফিউর বাস ভাড়া কমানোর দাবিতে আন্দোলন গড়ে তোলেন, সক্রিয় ছিলেন রেলওয়ের ভূমি লুটপাট ও ভূমিদস্যুদের বিরুদ্ধেও।

সর্বশেষ গণজাগরণ মঞ্চে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনে সংগঠকের ভূমিকায় রয়েছেন তিনি।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু বলেন, রফিউর রাব্বি বিভিন্ন নাগরিক ও সামাজিক আন্দোলন এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা। এই কারণে কোনো গোষ্ঠির রোষানলে পড়ে তার ছেলে খুন হয়েছে।

নাট্যকার কাজী শাহিদুল ইসলাম প্রশ্ন তোলেন, “একটি মেধাবী ছেলেকে অপহরণের পর খুন করা হবে- প্রশাসন কেন জানবে না?”

Image
তানভীর মোহাম্মদ ত্বকি বুধবার বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি

তানভীর মোহাম্মদ ত্বকি বুধবার বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি

ত্বকিকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

তিনি সাংবাদিকদের বলেন, “ত্বকির খুনের ঘটনাটি ক্লুহীন হওয়ায় লাশ ফেলার জায়গাটিতে যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় রেখে কাজ শুরু হয়েছে।

“এছাড়া তার বাবার অতীত ও বর্তমান নাগরিক ও সামাজিক আন্দোলনের বিষয় এবং গণজাগরণ মঞ্চ- এসব বিষয়ও সামনে রেখে তদন্ত চলছে।”

পুলিশ আন্তরিকতা নিয়ে কাজ করছে দাবি করে নুরুল ইসলাম বলেন, আশা করছি অতি দ্রুত খুনিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

পুলিশ প্রধান হাসান বিকালে রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, “পুলিশ প্রিভেন্টিভ কোনো স্টেপ নেয়নি, তা আমার মনে হয় না। পুলিশ সার্বিক বিষয়টি খতিয়ে দেখছে।”

“যদি কোনো ব্যত্যয় ধরা পড়ে, তা আমরা দেখব,” যোগ করেন তিনি।

নিখোঁজ হওয়ার দুদিন পর শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীসংলগ্ন খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। তার ডান চোখ ও গলায় আঘাতের চিহ্ন ছিল।

এই ঘটনায় শুক্রবার রাতে রফিউর রাব্বি বাদি হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

ত্বকি শহরের চাষাঢ়া এবিবি ইন্টারন্যাশনাল স্কুলের এ লেভেলের পরীক্ষার্থী ছিল। সে এবারের পরীক্ষায় সর্ব্বোচ্চসংখ্যক নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছিল।

পুরনো খবর:

সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত তানভীর
‘শ্বাসরোধে হত্যা করা হয় তানভীরকে’