২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামকে বিভৎসভাবে তুলে ধরছে জামায়াত: ইসলামিক ফ্রন্ট

নিজেদের স্বার্থ হাসিলের জন্য জামায়াতে ইসলামী শান্তির ধর্ম ইসলামকে অত্যন্ত ভয়ংকর ও বিভৎসভাবে জাতির সামনে উপস্থাপন করছে বলে অভিযোগ করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2013, 04:25 PM

Updated : 25 Apr 2022, 06:27 PM

জামায়াতে ইসলামীকে জঙ্গিবাদী  ও ফ্যাসিস্ট দল বলেও মন্তব্য করেন তারা।

শুক্রবার দুপুরে বন্দরনগরী চট্টগ্রামের জিইসি মোড়ে দেশব্যাপী জামায়াত-শিবিরের তাণ্ডব  এবং ১০ আলেমকে হত্যার পরিকল্পনার প্রতিবাদে  এ সমাবেশ আয়োজন করে সংগঠনটি।

ইসলামিক ফ্রন্টের নেতারা বলেন, সম্প্রতি যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে মিথ্যা তথ্য প্রচার করে জামায়াতে ইসলামী ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করে সহিংস পরিস্থিতি তৈরি করে।

তারা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে যখন যুদ্ধাপরাধের বিচার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তখন বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত  করতে তারা পরিকল্পিতভাবে দেশব্যাপী  নৈরাজ্য ও তাণ্ডব চালাচ্ছে।

এজন্য জামায়াত-শিবির হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর, মন্দির জ্বালিয়ে দিচ্ছে। তারা শিশু- নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশকে হামলা ও হত্যা করছে এবং আলেম হত্যার পরিকল্পনা করছে।

বক্তারা দেশের শীর্ষ ১০ আলেমকে হত্যার মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারা দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সংগঠনের চট্টগ্রাম নগর সভাপতি মুহাম্মদ রফিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্টের ভাইস চেয়ারম্যান এম আবু নাছের তালুকদার। অন্যদের মধ্যে সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম- মহাসচিব এম সোলায়মান ফরিদ, যুগ্ম মহাসচিব আনোয়ারুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা স ম হামেদ হোসেন, এম এ সবুর, কাজী জসিম উদ্দিন, এইচ এম মজিবুল হক, স ম শহীদুল হক ফারুকী, এস এম আব্দুল করিম প্রমুখ বক্তব্য দেন।