২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল জলিলকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

জাতীয় সংসদে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানোর পর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মরদেহ নওগাঁয় তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2013, 10:58 AM

Updated : 13 Oct 2022, 02:48 PM

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা শেষে শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে জলিলের মরদেহ নিয়ে নওগাঁর উদ্দেশ্যে রওনা হয় একটি হেলিকপ্টার। ঘণ্টাখানেক পরে হেলিকপ্টারটি নওগাঁ স্টেডিয়ামে নামে।

স্টেডিয়ামে অপেক্ষমাণ আত্মীয়-স্বজন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জলিলের মৃতদেহ গ্রহণ করেন।

সেখান থেকে তার মৃতদেহ শহরের চকদেবপাড়া মহল্লায় তার নিজ বাড়িতে নেয়া হয়। নওগাঁয় বাদ আছর আরো দুইবার জানাজা শেষে এই নেতাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

সকালে আব্দুল জলিলের প্রথম জানাজা হয় তার কর্মস্থল মার্কেন্টাইল ব্যাংকের সামনে। তিনি মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।

Image
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আব্দুল জলিলের দ্বিতীয় জানাজা হয়

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আব্দুল জলিলের দ্বিতীয় জানাজা হয়

এরপর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সাবেক এই সাধারণ সম্পাদকের দ্বিতীয় জানাজা হয়। কার্যালয়ের সামনে জলিলের কফিন পৌঁছালে তা ঢেকে দেওয়া হয় আওয়ামী লীগের পতাকা দিয়ে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা জানাজায় অংশ নেন।

এরপর বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আব্দুল জলিলের তৃতীয় জানাজা হয়। এ সময় তাকে দেয়া হয় রাষ্ট্রীয় মর্যাদা।

রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ এ সময় এই নেতার প্রতি শ্রদ্ধা জানান। 

এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের পক্ষ থেকেও আব্দুল জলিলের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

জাতীয় সংসদ ভবনে জানাজা শেষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ বলেন, “আওয়ামী লীগ তাকে (জলিল) অনেক দিয়েছে। তিনিও আওয়ামী লীগকে অনেক দিয়েছেন। তবে শেষ জীবনে তিনি মনে হয় দুঃখে-কষ্টে ছিলেন।”

এরশাদ বলেন, “জীবনের শেষপ্রান্তে অনেক দুঃখ পেয়ে তিনি বিদায় নিলেন। উনাকে আরো সম্মানিত করা যেত।”

“আমরা স্বাধীনতার পক্ষের একজন লোককে হারালাম”, বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের আরেক সদস্য আমির হোসেন আমু।

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন, “১৪দল গঠনে উনার অনেক অবদান ছিল।”

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান জলিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ দেশে পৌঁছায়।

১৯৪১ সালের ২১ জানুয়ারি নওগাঁয় জন্মগ্রহণ করেন আব্দুল জলিল। তিনি নওগাঁ-৫ আসন থেকে ১৯৭৩, ১৯৮৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।

বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হওয়ার পর একটি চিঠিতে দল ও দলীয় প্রধান শেখ হাসিনাকে নিয়ে নানা বিরূপ মন্তব্য করে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেন এই আওয়ামী লীগ নেতা।

মুক্তি পাওয়ার পর তাকে আর দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব ফিরিয়ে দেয়া হয়নি।