স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা
হরতালের পর নতুন কর্মসূচি ঠিক করতে দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
দলের স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, সারাদেশে সরকারের গণহত্যা এবং করণীয় নির্ধারণেই বৈঠক ডেকেছেন চেয়ারপার্সন।”
এর আগে বুধবার রাতে ১৮ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। দুই মাসের মধ্যে সেটিই ছিল শরিকদের সঙ্গে বিরোধী দলীয় নেতার প্রথম বৈঠক।
বুধবার নয়া পল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেলে সরকারকে দায়ী করে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে জানানো হয়, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পক্ষ থেকে এই হরতাল পালন করা হবে।
এই হরতালের মধ্যেই বিএনপি কার্যালয়ের সামনে থেকে দলীয় সাংসদ সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, রেহেনা আক্তার রানু, রাশেদা বেগম হীরা, শাম্মী আক্তারকে আটক করে পুলিশ।
বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক ইতোমধ্যে বলেছেন, আটক চার সাংসদকে অবিলম্বে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দেবে বিএনপি।
