ময়মনসিংহে হত্যা মামলায় দুই সহোদরের যাবজ্জীবন
ময়মনসিংহের তারাকান্দার একটি হত্যা মামলায় দুইভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার ময়মনসিংহ জেলা বিশেষ দায়রা জজ আদালতের বিচারক হুমায়ুন কবীর এই রায় দেন।
দণ্ডিতরা হলেন উপজেলার রংগেরকান্দা গ্রামের দৌলত আলী ও তার ভাই আওলাদ আলী।
বিশেষ পাবলিক প্রসিকিউটর শেখ আবুল হাসেম বলেন, তারাকান্দা থানার রংগেরকান্দার কাইয়ূমদের সঙ্গে প্রতিবেশী দৌলত আলীদের জমি নিয়ে বিরোধ চলছিল।
২০০৭ সালের ১৪ জুলাই কাইয়ুমরা ওই বিরোধপূর্ণ জমির আইল কাটতে গেলে দৌলত আলীরা তাদের বাধা দেয়।
এর জেরে প্রতিপক্ষের লোকজন ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে কাইয়ূমকে হত্যা করে।
এ ঘটনায় রাষ্ট্র বাদী হয়ে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
