২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বশুরালয়ে প্রণব মুখোপাধ্যায়

শ্বশুরবাড়ি দেখতে নড়াইলের ভদ্রবিলা গ্রামে গেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাহবুব রশীদ, নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 04:34 AM

Updated : 13 Oct 2022, 02:48 PM

মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টারে করে নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের মাঠে পৌঁছান তিনি। এরপর গাড়িতে করে ভদ্রবিলা গ্রামে শ্বশুরবাড়িতে যান তিনি। সেখানে প্রায় এক ঘণ্টা স্বজনদের সঙ্গে কাটানোর কথা রয়েছে তার।

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির সঙ্গে তার স্ত্রী নড়াইলের সন্তান শুভ্রা মুখোপাধ্যায়ও রয়েছেন।

শুভ্রা ঘোষ ভদ্রবিলা গ্রামের স্বর্গীয় অমরেন্দ্র ঘোষের মেয়ে। বিয়ের পর হন শুভ্রা মুখোপাধ্যায়।

ভদ্রবিলা গ্রামের অমরেন্দ্র ঘোষের মেয়ে শুভ্রা মুখোপাধ্যায়। তার ভাই-বোনদের মধ্যে শুধু কানাইলাল ঘোষ (৬৮) বতর্মানে ভদ্রবিলায় বসবাস করেন।

ভারতের রাষ্ট্রপতির আগমণ উপলক্ষে শুধু শ্বশুরবাড়ি নয়, পুরো নড়াইল শহরজুড়ে নেয়া হয় ব্যাপক প্রস্তুতি।

কানাইলাল ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দিদি ও জামাইবাবু আসবেন, তাই অধীর আগ্রহে অপেক্ষায় আছি।

“জামাইবাবুকে বরণ করতে বাড়ির আঙিনায় একটি বড় প্যান্ডেল করা হয়েছে। আর আপ্যায়ন করার জন্য হরেকরকম পিঠা ও ইলিশ মাছসহ নানা ফলমূল এবং অন্যান্য খাবারের আয়োজন করা হয়েছে।”

তিনি জানান, ১৯৪৩ সালে নড়াইল সদরের চাঁচড়া গ্রামের নানার বাড়িতে জন্মগ্রহণ করেন শুভ্রা ঘোষ।

পাঁচ বছর বয়স পর্যন্ত কাটান নিজ গ্রাম ভদ্রবিলায়। এরপর তিনি আবার নানা বাড়ি বসবাস শুরু করেন এবং স্থানীয় চাঁচড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন।

পরে পরিবারের সদস্যদের সঙ্গে ভারত চলে যান।

১৯৫৭ সালের ১৩ জুলাই প্রণব মুখার্জির সঙ্গে তার বিয়ে হয়। ওই সময় তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেন।

তাদের দুই ছেলে অভিজিৎ মুখার্জি ও সুরজিৎ মুখার্জি এবং এক মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি।

তিনি বলেন, দিদি সর্বশেষ ১৯৯৬ সালে বাড়িতে (ভদ্রবিলা) এসেছিলেন। সে সময় মেয়ে শর্মিষ্ঠাকেও সঙ্গে এনেছিলেন। জামাইবাবুর আসার কথা থাকলেও হঠাৎ তার সফর বাতিল হয়।

“সেবার বাড়িতে এসে দিদির কি আনন্দ! এই মাটি, এই মন্দিরের সামনে খেলাধূলা করা, পাশ দিয়ে বয়ে যাওয়া সেই চিত্রা নদী। দিদি প্রায়ই খোঁজখবর নেন এখানকার। চিত্রা নদীর কথা প্রায়ই বলেন দিদি,” বলেন কানাইলাল।

তিনি বলেন, বর্তমানে রাধা-গোবিন্দ মন্দির, ঘাটবাঁধানো পুকুর ও কিছু গাছপালা ছাড়া দিদির ছোটবেলার স্মৃতিগুলোর তেমন কিছু নেই। সে সময়ের ছয় কক্ষের তাদের বড় দালান ঘরটিও এখন আর নেই। ১৯৭১ সালে রাজাকাররা ঘরটি ভেঙে সব লুটপাট করে নিয়ে যায়।

দিদি ও জামাইবাবুর আগমণকে ঘিরে নড়াইলবাসীর ব্যস্ততাও বেড়েছে।

শুধু সদর উপজেলার ভদ্রবিলা গ্রাম নয়, যেন পুরো নড়াইল সেজেছে নতুন সাজে। নড়াইল-যশোর সড়কের চাঁচড়া থেকে শুরু করে রূপগঞ্জ, ভদ্রবিলাসহ প্রায় ১৬ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে নড়াইল-যশোর-লোহাগড়া সড়কের পাশে অবস্থিত বিভিন্ন খুপড়িঘর, দোকান, গাছের গুড়ি অপসারণ করা হয়েছে।

নড়াইল থেকে ভদ্রবিলা গ্রাম পর্যন্ত রাস্তার দুই পাশের গাছগুলো কেটেছেঁটে গাছের গোড়ায় সাদা ও লাল রং দিয়ে এবং রং-বেরংয়ের পতাকা দিয়ে সাজানো হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নড়াইলকে ঢেকে দেয়া হয়েছে নিরাপত্তার চাদরে।

নড়াইলের জেলা প্রশাসক মো. জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও তার স্ত্রী শুভ্রা মুখার্জিকে বরণ করাতে সব প্রস্তুতি শেষ করা হয়েছে।

তিনদিনের সফরে রোববার ঢাকা আসেন প্রণব মুখার্জি। তৃতীয় দিনে নড়াইলে শ্বশুরবাড়িতে সময় কাটানোর পর কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি যাওয়ার কথা রয়েছে তার।