কামরাঙ্গীরচরে নৈশপ্রহরী খুন
রাজধানীর কামরাঙ্গীরচরে এক নৈশপ্রহরীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে নূরবাগ মসজিদের পিছনের গলি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকায় নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন বলে পুলিশ জানায়।
পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার আল মামুন শিকদার বলেন, রাতের কোনো এক সময় দুবৃর্ত্তরা কালামকে জবাই করে হত্যা করে।
মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার বিরোধ ছিল জানিয়ে তিনি বলেন, “ওই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।”
সহকারী কমিশনার জানান, প্রায় দেড় বছর আগে কালাম থানায় একটি জিডি করেছিলেন।ওই জিডি খতিয়ে দেখা হবে।
কামরাঙ্গীরচর থানা অাওয়ামী লীগের সদস্য মনির হোসেন জানান, কামরাঙ্গীরচর সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন কালাম।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
