২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজেদা চৌধুরীর বাড়িতে অগ্নিকাণ্ড, তত্ত্বাবধায়ক গ্রেপ্তার

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ির তত্ত্বাবধায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 01:18 PM

Updated : 23 Aug 2022, 10:18 AM

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে জাহিদ মোল্লাকে (২৮) গ্রেপ্তার করা হয়। রোববার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজতের আবেদন করা হয়েছে।

ফরিদপুরের তিন নম্বর আমলি আদালতের বিচারক আব্দুল্লাহ আল-মাসুদ সোমবার শুনানির জন্য দিন রেখেছেন।

শুক্রবার ভোরে ফরিদপুরের সালথা উপজেলার চন্দ্রপাড়ায় এই আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ধরে।

সালথা থানার ওসি মো. আফসারউদ্দিন বলেন, শুক্রবার সংসদ উপনেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বাদী হয়ে মামলা করেছেন।ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে।তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে শোবার ঘরের দুইটি খাট ও দুইটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র  পুড়ে যায়। এ সময় বাড়ির তত্ত্বাবধায়ক জাহিদ সেখানে ছিলেন না। ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে লোকজন জাহিদকে ডেকে এনে ঘরের তালা খুলে আগুন নেভায়।

খবর পেয়ে ফরিদপুর থেকে দমকলের একটি ইউনিটও ঘটনাস্থলে যায়।

ফরিদপুর দমকলের সিনিয়র স্টেশন অফিসার মো. সেলিম মিয়া বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।