সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩০
সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছে।
এসময় শহরের টুকু ব্রীজ, ইলিয়ট ব্রীজ, ফজলুল হক রোড, ছালেহা স্কুল রোড, ইসলামিয়া কলেজ রোডসহ সিরাজগঞ্জ বিম্ববিদ্যালয় কলেজের আশেপাশের এলাকা রনক্ষেত্রে পরিনত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় দুই শতাধিক টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ ও র্যাব।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৪৪ ধারা ভঙ্গ করে বিএনপি নেতাকর্মীরা বিকাল সাড়ে ৪টার দিকে দলীয় কার্যালয় থেকে হরতালের পক্ষে একটি প্রচার মিছিল বের করে। পুলিশ পাহারায় মিছিলটি বড়বাজার ও বাজার ষ্টেশন এলাকা হয়ে গোসালা রোড পুনরায় দলীয় কার্যালয়ে দিকে যায়।
এ সময় কলেজের দক্ষিন গেট থেকে ছাত্রলীগের কর্মীরা মিছিলকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বরাত ও মেন্না এবং সদর থানার এসআই হাসানসহ অনন্ত ৩০জন আহত হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুল আলম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
