২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশের জন্য প্রস্তুত শাহবাগ

দেশের বিভিন্ন স্থানে জামায়াতের তাণ্ডবের মধ্যেই শাহবাগের ডাকে সমাবেশে জড়ো হতে শুরু করেছেন গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 10:46 AM

Updated : 25 Apr 2022, 06:25 PM

যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রজন্ম চত্বরে শুক্রবার চলছে ২৫তম দিনের আন্দোলন।

এর আগে বৃহস্পতিবার রাতে গণজাগরণ মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণার পরপরই প্রজন্ম চত্বরের অবস্থান কর্মসূচি দিনের মতো সমাপ্ত ঘোষণা করা হয়।

শুক্রবার সকালের দিকে লোকসমাগম কম থাকলেও জুমার নামাজের পর থেকেই ছাত্র-জনতার ঢল নামে শাহবাগে। ৩টার পর থেকে বিভিন্ন স্থান থেকে আসতে থাকে খণ্ড খণ্ড মিছিল, যাদের কণ্ঠে ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ের স্লোগান।

শনিবার দেশের সব সরকারি, বেসরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান, বাস, ট্রাক, লঞ্চ, নৌকা, মোটর সাইকেলসহ সব যানবাহনে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি দিয়েছে জাগরণ মঞ্চ।

একই দিন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ সমাবেশ করারও আহ্বান জানিয়েছে শাহবাগের আনোদ্লনকারীরা।

গত ৫ ফেব্রুয়ারি জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশের প্রতিবাদে এই শাহবাগে আন্দোলন শুরু করে তরুণরা। এরপর তা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

এরই মধ্যে গণজাগরণ মঞ্চের উদ্যোগে শাগবাগের প্রজন্ম চত্বরের বাইরে রায়েরবাজার, মিরপুর ও মতিঝিলে তিনটি সমাবেশ হয়েছে, যেসব সমাবেশে ছিল লাখো মানুষের উপস্থিতি।