সীতাকুণ্ডে রেল লাইনে আগুন
দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর সীতাকুণ্ডে রেল লাইনে আগুন জ্বালানোয় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল দুই ঘণ্টা বন্ধ ছিল।
রেলের পূর্বাঞ্চলের বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা জাকির হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরের পর সীতাকুণ্ডের কুমিরা স্টেশন থেকে এক দেড় কিলোমিটার সামনে কে বা কারা রেল লাইনে আগুন জ্বালিয়ে রাখে।
এর আগে দুপুরে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়।
লাইনে আগুন দেখে বেলা ৩টায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেন গোধূলী কুমিরা স্টেশনে থামিয়ে রাখা হয়।
সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে বেলা সাড়ে ৩টা থেকে ট্রেনটি কুমিরায় থামিয়ে রাখা হয় বলে জানান রেল কর্মকর্তা জাকির। বিকাল ৫টায় পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
সাঈদীর মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান করে দুপুরে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় জামায়াত-শিবিরকর্মীরা মিছিল করতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
