২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ের পর চট্টগ্রামে সংঘর্ষ

মানবতাবিরোধী অপরাধে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর চট্টগ্রাম শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জামায়াত-শিবির কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 10:18 AM

Updated : 13 Oct 2022, 02:48 PM

বৃহস্পতিবার দুপুরে রায় প্রত্যাখ্যান করে জামায়াত-শিবির কর্মীরা চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে মিছিল বের করলে এ সংঘর্ষ শুরু হয়।

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক উত্তম সেনগুপ্ত জানান, মিছিলে বাধা দিলে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে শিবিরকর্মীরা। এসময় নিউ মার্কেটের নিকটবর্তী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে ছাত্রলীগের কর্মীরা বের হয়ে পুলিশের সঙ্গে যোগ দিয়ে শিবিরকর্মীদের ধাওয়া দেয়।

জামায়াত-শিবিরকর্মীরা বিচ্ছিন্ন হয়ে দারুল ফজল মার্কেটের আশপাশে বিভিন্ন বাণিজ্যিক মার্কেটে ঢুকে পড়ে এবং সেখান থেকে পুলিশ ও ছাত্রলীগকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

স্থানীয়রাও রাস্তা থেকে শিবিরকর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছে। এক শিবিরকর্মীকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।

নিউ মার্কেট মোড় ও এর আশপাশের এলাকা থেকে ১৫ থেকে ২০ জন শিবিরকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোস্তাক আহমেদ।

কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বলেন, হামলাকারীদের গ্রেপ্তার করতে ওই এলাকার বিভিন্ন মার্কেটে অভিযান চালানো হচ্ছে।