২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাতি ন্যায়বিচার পেয়েছে’

মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের আদেশে সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 08:53 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

এ রায়ে জাতি ন্যায় বিচার পেয়েছে বলে মন্তব্য করেন ক্ষমতাসীন জোটের নেতারা।

বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এ প্রতিক্রিয়া জানান তারা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, “আওয়ামী লীগসহ ১৪ দলের পক্ষ থেকে ন্যায় বিচার প্রত্যাশা করেছিলাম। জনগণ ন্যায় বিচার পেয়েছে।”

এ মামলার স্বাক্ষী, তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটরদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

হানিফ বলেন, “তরুণ প্রজন্ম, যারা রাজপথে থেকে আন্দোলন করেছেন-গণজাগরণ সৃষ্টি করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ তাদের।”

সবাইকে সহাবস্থানের আহ্বান জানান ক্ষমতাসীন দলের এই নেতা।

তিনি বলেন, “অতি প্রতিক্রিয়া করবেন না। কারণ, আরো যুদ্ধাপরাধী আছে, তাদেরও বিচার হবে। আমরা চাই সবারই ন্যায় বিচার হোক। অভিশাপ থেকে জাতি কলঙ্কমুক্ত হোক।”

রায়ে সন্তোষ প্রকাশ করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “জনগণ যে ন্যায় বিচার প্রত্যাশা করেছিল, তারা সে বিচার পেয়েছে।”

তিনি বলেন, “সাঈদী ধর্ম প্রচারক নন, তিনি ছিলেন ৩০ বছর বয়সী রাজাকার কমান্ডার। বৃদ্ধ বয়সে আলখেল্লা গায়ে দিয়ে তিনি বয়স জালিয়াতি করেছিলেন। আর ৩০ বছর বয়সে কী করেছিলেন তা আপনারা বুঝতে পারেন।”

এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গত নির্বাচনে যে দুই কোটি তরুণ মহাজোটককে ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান মেনন।

জামায়াত-শিবির সহিংসতা প্রতিরোধে করণীয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমরা রাজপথে আছি, থাকবো।”

১৪ দলের বৈঠকে শরিক সব দলের নেতারা উপস্থিত ছিলেন। আগামী ৪ মার্চ সব জেলা-উপজেলায় এবং ৯ মার্চ ঢাকায় বিক্ষোভ-সমাবেশের সিদ্ধান্ত নেয় তারা।

এর আগে ট্রাইব্যুনালের রায় শুনে ধানমন্ডিতে আনন্দ মিছিল করে ১৪ দলের নেতাকর্মীরা।