২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ছিনতাইকারীর গুলিতে পুলিশ আহত

গাজীপুর সদর উপজেলায় ছিনতাইকারীদের গুলিতে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 03:53 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

বৃহস্পতিবার সকালে উপজেলার ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

চিবুকে গুলিবিদ্ধ এসআই মো. হাসানকে প্রথমে গাজীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। বর্তমানে তিনি ঢাকার অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল খায়ের।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ছয়টার দিকে বর্ষা সিনেমা হলের সামনের সড়কদ্বীপের পশ্চিমপাশের রাস্তায় একটি প্রাইভেটকার সামনে থাকা একটি চলন্ত মোটরসইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের দুই আরোহী পড়ে গেলে গাড়ি থেকে কয়েকজন যুবক নেমে এসে তাদের কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

ঘটনাটি সড়কদ্বীপের কাছে থাকা পুলিশের  টহল টিমের নজরে আসলে তারা এগিয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং গাড়িতে উঠে দ্রুত পালিয়ে যায়।

গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আবুল কালাম আজাদ জানান, এসআই হাসানের বাম চিবুকে গুলি লেগেছে, তবে তিনি শঙ্কামুক্ত আছেন।