২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল প্রতিরোধে জাগরণের স্বতঃস্ফূর্ত মিছিল

দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবিতে ডাকা জামায়াতে ইসলামীর হরতাল প্রতিরোধে রাজধানীতে মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। মিছিলে ছিল হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

রিয়াজুল বাশার

প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 03:34 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

গণজাগরণ মঞ্চের ডাকে সাড়া দিয়ে সকাল ১০টা ৫০ মিনিটে শুরু হওয়া এ  বিক্ষোভ মিছিলে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

‘রাজাকারের হরতাল প্রত্যাখ্যান করুন’ লেখা ব্যানার নিয়ে পল্টনের দিকে যাত্রা করে ছাত্র-জনতার এ মিছিল। এরপর জাগরণের এই মিছিল মৎস্যভবন, পল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজারের যায়।

বেলা পৌনে ১১টায় মগবাজারে একাত্তরে যুদ্ধাপরাধে জড়িত দল জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় অত্রিক্রম করে মিছিলটি। সেখান থেকে বাংলামোটর হয়ে শেরাটন হোটেলের পাশ দিয়ে ফিরে আসে শাহবাগের গণজাগরণ মঞ্চে।

সেখানে পৌঁছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগানে ফেঁটে পড়ে সমবেত জনতা, তখনও জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় পড়ছিলেন বিচারক।

মিছিলটি রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণের সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো জনতা মিছিলের স্লোগানে কণ্ঠ মেলাতে থাকেন। তাদের অনেকেই শামিল হন এই গণজাগরণের মিছিলে। সেই সঙ্গে বাড়তে থাকে মিছিলের দৈর্ঘ্য।  

‘যুদ্ধাপরাধীর ফাঁসি চাই’ স্লোগানে প্রকম্পিত এ মিছিলের সামনে রয়েছেন মুক্তিযোদ্ধা সংসদের পতাকা হাতে একজন মুক্তিযোদ্ধা। তার পরে বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনের নেতাবৃন্দ ও ব্লগাররা মিছিলের নেতৃত্বে রয়েছেন।

বুধবার রাতভর অবস্থানের পর বৃহস্পতিবার ভোরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় জাগরণ মঞ্চের বিক্ষোভ। গণমিছিলে যোগ দিতে সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে শাহবাগে আসতে থাকে বিভিন্ন শ্রেণির মানুষ।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির সঙ্গে ঢোল বাজিয়ে জনতা কণ্ঠ মেলায় স্লোগানে- ‘গাড়ির চাকা ঘুরেছে/দোকানপাট খুলেছে’; ‘রাজাকারের হরতাল/মানি না, মানব না’; ‘অবৈধ হরতাল মানি না, মানব না’;

পুরনো খবর:

হরতাল প্রতিরোধের ডাক