২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল প্রতিরোধের ডাক

দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবিতে ডাকা জামায়াতে ইসলামীর হরতাল প্রতিরোধে রাজপথে থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ। 

রিয়াজুল বাশার

ও আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 02:17 PM

Updated : 25 Apr 2022, 06:25 PM

বুধবার মতিঝিলে সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। সংসদ সদস্যদের গাড়িও রাজপথে নামানোর আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা।

একাত্তরে খুন-ধর্ষণ-লুটপাটে অভিযুক্ত সাঈদীর মামলায় বৃহস্পতিবার রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায়ের এই দিন সাঈদীর মুক্তি দাবিতে হরতাল ডেকেছে জামায়াত, যে দলটিকে নিষিদ্ধের দাবি উঠেছে গণজাগরণ থেকে।

মতিঝিলে হাজার হাজার মানুষের সমাবেশে গণজাগরণ মঞ্চের সংগঠক ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেক বলেন, “এর আগে জামায়াত-শিবিরের হরতাল প্রত্যাখ্যান করা হয়েছিল।

“এখন আর প্রত্যাখ্যান নয়, এখন প্রতিরোধ গড়ে তোলা হবে। আপনারা সবাই প্রস্তুত থাকুন।”

ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমও হরতাল প্রতিরোধের আহ্বান জানিয়ে বলেন, “আপনারা যারা চাকরি করেন তারা অফিসে যাবেন; শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে এবং ব্যবসায়ীরা নিজ নিজ কাজ চালিয়ে যাবেন।

“জামায়াত-শিবিরের কোনো হরতাল এদেশে হবে না।”

বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু বলেন, “জামায়াত-শিবিরের হরতাল প্রতিরোধে আপনারা বাঁশের লাঠি হাতে প্রস্তুত থাকুন।”   

এই হরতাল প্রতিহতের ঘোষণা দিয়ে তিনি বলেন, “জামায়াতের হরতালকে ব্যর্থ করে দেয়ার জন্য আপনারা সবাই আপনাদের গাড়ি নিয়ে রাস্তায় নামবেন। মনে রাখবেন, আপনার একটি গাড়ির দামের চেয়ে বাংলাদেশের পতাকা ও সার্বভৌমত্বের দাম অনেক বেশি।”

সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “আপনারাও আপনাদের ট্যাক্স ফ্রি গাড়ি নিয়ে আগামীকাল রাস্তায় থাকবেন।”

সমাবেশে বক্তব্যে অন্য ছাত্র নেতারাও বৃহস্পতিবারের হরতাল রুখে দেওয়ার আহ্বান জানান।

এর আগে জামায়াত ও ইসলামী সমমনা কয়েকটি দলের ডাকা দুটি হরতাল প্রত্যাখানের আহ্বান জানানো হয়েছিল গণজাগরণ মঞ্চ থেকে।

তাতে সাড়া দিয়ে ছাত্র-জনতা মিছিল নিয়ে রাজপথে নামে। ওই সময় হরতাল সমর্থকদের রাজপথে দেখা যায়নি।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “এর আগে আপনারা জামায়াত-শিবিরের দুটি হরতাল প্রতিহত করে দেখিয়ে দিয়েছেন এদেশে তাদের কোনো জায়গা নেই।

“আপনাদের কাছে আমার অনুরোধ, আগামীকালের হরতালও প্রতিরোধ করে দেখিয়ে দেবেন এদেশে জামায়াত-শিবিরের কোনো জায়গা নেই।”

এসময় সমাবেশে উপস্থিত হাজার হাজার মানুষ হাত তুলে বজ্রকণ্ঠে হরতাল প্রতিরোধে একাত্মতা প্রকাশ করে।

দেশের বাণিজ্যের প্রাণকেন্দ্র মতিঝিলের এই সমাবেশে ইমরান বলেন, “আপনারা সবকিছু খোলা রাখবেন। যেভাবে প্রতিদিনের কাজ চালিয়ে যাচ্ছেন, সেভাবে চালিয়ে যাবেন।”

এজন্য বুধবার রাত থেকেই শাহবাগে লাগাতার অবস্থানসহ বৃহস্পতিবার সকাল ৯টায় সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন তিনি।