২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গোটা বাংলাদেশই এখন শাহবাগ’

যে স্থানে জামায়াতে ইসলামী ছাড়া সচরাচর অন্য কোনো দল সমাবেশ করে না, সেখানে বুধবার গণজাগরণ মঞ্চের সমাবেশে যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান তুলেছেন হাজার হাজার মানুষ।

রিয়াজুল বাশার

ও আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 04:10 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

গণমানুষের এই সাড়া দেখে গণজাগরণ মঞ্চের নেতারা বলেছেন, যুদ্ধাপরাধের ফাঁসি ও জামায়াত নিষিদ্ধের দাবিতে এই আন্দোলন এখন দেশের সব প্রান্তের।

সমাবেশে বক্তব্যে বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু বলেন, “যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে আন্দোলন আর শাহবাগে সীমাবদ্ধ নেই। তা ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র।”

দেশের প্রত্যেক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মহল্লায় গণজাগরণ মঞ্চ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

শাহবাগে টানা অবস্থানের পর রায়ের বাজার ও মিরপুরের পর মতিঝিলে তৃতীয় সমাবেশ করে শাহবাগের গণজাগরণ মঞ্চ, যার আন্দোলনের সূচনা গত ৫ ফেব্রুয়ারি আব্দুল কাদের মোল্লার রায়ের পর থেকে।

কাদের মোল্লার রায়ের একদিন আগেই মতিঝিলে সমাবেশ করেছিল জামায়াত।

আর জামায়াত নেতা সাঈদীর মামলার রায়ের আগের দিন মতিঝিলে সমাবেশ করল গণজাগরণ মঞ্চ।

বেলা ২টা থেকেই শাপলা চত্বরে দুটি ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চ ঘিরে মানুষের ভিড় জমতে থাকে। হাতে জাতীয় পতাকা আর মুখে স্লোগান নিয়ে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মতিঝিলে জড়ো হতে থাকে নানা শ্রেণির, নানা বয়সের মানুষ। 

দুপুর থেকেই দৈনিক বাংলামুখী অস্থায়ী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। সমাবেশ শুরু পরে জনসমুদ্র ছাড়িয়ে যায় নটরডেম কলেজের দিকে সারাহ টাওয়ার, ইত্তেফাকের দিকে পানি উন্নয়ন বোর্ড কার্যালয় পর্যন্ত এবং দৈনিক বাংলার দিকে সিটি সেন্টার পর্যন্ত এলাকা।

হাতে পতাকা, মুখে স্লোগান নিয়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই সমাবেশে যোগ দেয়।

সব ধর্মের বাণী পাঠ ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বিকাল ৩টা ৪০ মিনিটে এই সমাবেশ শুরু হয়। 

সমাবেশ শুরুর পরপরই জাগরণমঞ্চের দাবির সঙ্গে সংহতি জানাতে আসেন জামায়াতের হামলায় নিহত ব্যাংক কর্মচারী জাফর মুন্সীর স্ত্রী।

মঞ্চে কথা বলতে উঠেই কান্নায় ভেঙে পড়া এই নারী সংজ্ঞা হারিয়ে ফেলেন।   

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে লাগানো পোস্টার ছিড়তে বাধা দেয়ায় জামায়াতকর্মীদের রোষের মুখে পড়েছিলেন জাফর মুন্সী।

সমাবেশে বক্তব্যে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার কর্মসূচি ঘোষণার পাশাপাশি জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রকাশ না করতে গণমাধ্যমগুলোর কাছে অনুরোধ জানান।

যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার সমালোচনা করে আসা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা করেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেক।

“মুক্তিযুদ্ধের সময় এই সব মানবাধিকার সংগঠনগুলোই মুক্তিযুদ্ধের বিরোধিতা করে একে গৃহযুদ্ধ ও বিচ্ছিন্ন ঘটনা বলেছিল। আজ তারাই আবার দালালদের বিচার প্রক্রিয়াকে বন্ধ করতে চাপ দিচ্ছে।”

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, জাসদ ছাত্রলীগের সভাপতি হুসাইন আহমেদ তফসির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সাইফুল হাসান সাগর প্রমুখ।

যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনে অটল থাকার শপথও নেয় সমাবেশ। এরপর লাকি আক্তারের স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ এলাকা।

সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে গণজাগরণ মঞ্চ মিছিল নিয়ে মতিঝিল থেকে শাহবাগ ফেরে।

‘আল্লাহর ঘর কোন দলীয় কার্যালয় নয়’

গণজাগরণ মঞ্চের মতিঝিলের সমাবেশে যোগ দিয়ে ওলামা-মাশায়েখদের একটি দল এই আন্দোলনে একাত্মতা জানিয়ে জামায়াতের ‘অপপ্রচারের’ সমালোচনা করেছেন।

সমাবেশে বক্তব্যে ড. মাওলানা আব্দুল মোমিন সিরাজী মসজিদকে কেন্দ্র করে জামায়োতের কর্মসূচি পরিচালনার প্রতিবাদ জানিয়ে বলেন, মসজিদ কোনো একটি রাজনৈতিক দলের ‘দলীয় কার্যালয়’ নয়।

“জাতীয় মসজিদ বায়তুল মোকাররম আল্লাহর ঘর, কোনো একটি দলের কার্যালয় নয়। যারা আল্লাহর ঘরে আগুন দেয় তারা ইসলাম মানে না।”

তিনি বলেন, “ইসলাম মানবতার কথা বলে শান্তির কথা বলে, অন্য ধর্মের প্রতি ভালবাসার কথা বলে। ইসলাম ধর্মের এক লাখের বেশি পয়গম্বর মানবতার কথা বলেছেন।”

ইসলাম নিয়ে অপপ্রচারকারীদের ষড়যন্ত্র থেকে জাতিকে সতর্ক হওয়ার আহবান জানান মোমিন সিরাজী।

ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের আব্দুল হালিম সিরাজী বলেন, “জামায়াতের মুখে ইসলাম মানায় না। যারা হত্যা, ধর্ষণ, লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছে, তাদের অপপ্রচারে কেউ কান দেবেন না।”

নিহত ব্লগার আহমেদ রাজীব হায়দারের বিরুদ্ধে ধর্ম অবমাননার অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি সমর্থন করে হালিম সিরাজী বলেন, “আল্লাহর আইনে হত্যার পরিবর্তে হত্যার বিধান রাখা হয়েছে। এই সব হত্যাকারীদের তাই ফাঁসি ছাড়া অন্য কোনো রায় হতে পারে না।

“এদের একেক জনের একাধিকবার ফাঁসি হওয়া উচিত। ট্রাইব্যুনাল এদের সাজা না দিলে ওলামা মাশায়েখরা শরিয়া আইন অনুসারে এদের ফাঁসির রায় দিতে বাধ্য হবে।”