২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে নাশকতার উস্কানি, ২ শিবিরকর্মী গ্রেপ্তার

নাশকতার উস্কানির অভিযোগে কক্সবাজার শহরে ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 03:24 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

বুধবার পৃথক অভিযানে আটক দুজন হলেন নজরুল ইসলাম (২০) ও জাহাঙ্গীর কাসেম (৪৫)।

নজরুল ইসলাম শহরের পশ্চিম টেকপাড়া এবং জাহাঙ্গীর কাসেম টেকপাড়া এলাকার বাসিন্দা।

জাহাঙ্গীর গত ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে সহিংস ঘটনায় সরাসরি অংশ নেন বলে পুলিশ দাবি করছে।

কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে বার্মিজ মাকের্ট এলাকা থেকে নাশকতার উস্কানিমূলক প্রচারপত্রসহ নজরুলকে আটক করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরের ব্যাপক নাশকতা চালায় জামায়াত-শিবির। এ ঘটনায় জড়িত হিসেবে ‘সনাক্ত’ জাহাঙ্গীর কাসেমকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, গোয়েন্দা সূত্র জানিয়েছে- বৃহস্পতিবার যুদ্ধাপরাধ মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় ঘোষণা এবং জামায়াতের হরতালকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা নিয়েছে দলটি। এর অংশ হিসেবে প্রচারপত্র বিতরণসহ নানা কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।