২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজীব হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ৭

ব্লগার আহমেদ রাজীব হায়দায় হত্যার ঘটনায় সন্দেহভাজন জামায়াত-শিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 02:33 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান।

বৈঠকে সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

রাজীব হত্যার তদন্তের বেশ অগ্রগতি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের সবাইকে ধরে যথাসম্ভব দ্রুততার সঙ্গে বিচার করা হবে। এটা আমাদের প্রতিশ্রুতি।”

তিনি বলেন, রাজীবকে হত্যা করার পরপরই আমি ঘটনাস্থলে গিয়ছিলাম। রাজীব যে বাড়িতে থাকত সে বাড়িতে সে মাঝে মাঝে থাকত। তার স্ত্রী বা তার বাবা-মাও তার সঙ্গে থাকত না।

“এই হত্যার কোনো চাক্ষুস সাক্ষী নেই। রাজীবকে যেভাবে হত্যা করা হয়েছে সুরতহাল রিপোর্ট দেখে মনে হয়েছে রাজীবকে জামায়াত-শিবির হত্যা করেছে। যেভাবে কুপিয়েছে জামায়াত-শিবির ছাড়া অন্য কেউ এভাবে করে না।”

পরিষদের নেতারা জামায়াত-শিবিরের তাণ্ডবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, সাংবাদিক হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের প্রক্রিয়া শুরু করা, যুদ্ধাপরাধীদের বিচারে বাধাদানকারী, মিথ্যা অপপ্রচার এবং বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়াসহ নয় দফা দাবি জানান।

মন্ত্রী পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সব দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, আপনাদের এই দাবি আমাদেরও।

পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি বিচারপতি এ এফ এম মেসবাহউদ্দীন ও মহাসচিব কামরুল হাসান খানের নেতৃত্বে নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্ অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, ডিইউজে’র সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

হরতালে কঠোর থাকবে পুলিশ

জামায়াতের ডাকা বৃহস্পতিবারের হরতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, জনগণের জালমালের নিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হরতালে কঠোর অবস্থানে থাকবে।