মেঘনায় জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু
দেশের উপকূলীয় ২২টি জেলায় ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৩’ বুধবার শুরু হয়েছে। এটি অব্যাহত থাকবে ৫ মার্চ পর্যন্ত।
এসব জেলার ১০১টি উপজেলায় ইলিশ মাছ শিকারের সঙ্গে জড়িত প্রায় পাঁচ লাখ জেলে ওই সংরক্ষণ কর্মসূচির আওতায় থাকবেন বলে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে।
এবারের কর্মসূচির প্রতিপাদ্য হচ্ছে- রক্ষা করলে জাটকা মাছ, ইলিশ পাবে বারো মাস।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইসব জেলায় মৎস্য ব্যবসার সঙ্গে জড়িত ২০ লাখ জেলে যারা মাছ পরিবহন, বিক্রি, জাল-নৌকা তৈরি, বরফ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানির সঙ্গে জড়িত তারাও এর আওতায় থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পিরোজপুর প্রতিনিধি জানান. পিরোজপুরে বুধবার জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুল লতিফ বিশ্বাস। এ উপলক্ষে সকালে পিরোজপুরের জিয়ানগর উপজেলার (পাড়েরহাট মৎস্য বন্দর) রাজলক্ষ্মী হাই স্কুল ও কলেজ মাঠে এক সমাবেশ হয়।
লক্ষ্মীপুর: জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মাছঘাটে মৎস্যজীবী ও মাছ ব্যবসায়ীদের এক সমাবেশ হয়েছে।
এতে প্রধান অতিথি জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর-ই আলম ছিদ্দিকী।
স্থানীয় চরগাজী ইউপি চেয়ারম্যান মীর আক্তার হোসেন বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রোকেয়া আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম হাসান আল আমিন, জেলা মৎস্য কর্মকর্তা মোশারেফ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এ কর্মসূচি বাস্তবায়িত হলে মেঘনায় জাটকা সংরক্ষণে প্রায় আড়াই লাখ মেট্রিক টন অতিরিক্ত ইলিশ উৎপাদিত হবে, যার বাজার মূল্য প্রায় আড়াই হাজার কোটি টাকা।
