বোমা-গুলির পর ৩ শিবিরকর্মীকে ধোলাই
মিছিলে বাধা পেয়ে বোমার বিস্ফোরণ ও গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টির পর রাজশাহীতে তিন শিবিরকর্মীকে পিটুনি দিয়েছে জনতা।
বুধবার বিকালে নগরীর রেলওয়ে কলোনি এলাকায় এ ঘটনার পর পুলিশেআহত তিনজনসহ আট শিবিরকর্মীকে আটক করেছে।
পিটুনির শিকার তিনজনের মধ্যে দুজন হলেন তৌকির আহমেদ (২২) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী লিয়াকত আলী। আরেকজনের নাম জানা যায়নি।
এদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে পুলিশ জানিয়েছে।
রাজশাহীর পুলিশ কশিনার মনির-উজ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা রাজশাহী-নওগাঁ রোডে যানবাহন আটকে মিছিল করার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া দেয়।
এ সময় শিবির নেতাকর্মীরা অন্তত চারটি হাতবোমা বিস্ফোরণ ঘটনায় এবং গুলিবর্ষণ করে আতংক তৈরির চেষ্টা করে।
এক পর্যায়ে তারা পালানোর চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা তিনজনকে ধরে ধোলাই দেয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, পরে পুলিশ গিয়ে কয়েকরাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই তিনজন যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
“আমরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে পাঁচজনকে আটক করেছি। হাসপাতালের তিনজনকেও আটক করা হয়,” বলেন তিনি।
বৃহস্পতিবারে হরতালে যেকোনো ধরনের নাশকতা এড়াতে নগরীতে র্যাব ও পুলিশ টহল দিচ্ছে বলেও তিনি জানান।
