‘জঙ্গি সাংবাদিকতায়’ কয়েকটি দৈনিক: ইনু
কয়েকটি দৈনিক শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলন নিয়ে ‘জঙ্গি সাংবাদিকতা’ শুরু করেছে বলে অভিযোগ করেছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি দাবি করেন, ওই পত্রিকাগুলো বানোয়াট তথ্য দিয়ে ধর্মপ্রাণ মানুষের মনে উম্মাদনা তৈরির মাধ্যমে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে।
এ বিষয়ে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান হাসানুল হক ইনু।
মন্ত্রী বলেন, “বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্ত নাটকের প্রযোজক বিএনপি, পরিচালক হচ্ছে জামায়াত ইসলামী, নায়ক নায়িকারা হচ্ছে সশস্ত্র জামায়াত-শিবিরের জঙ্গি এবং পরিবেশক হচ্ছে আমারদেশ পত্রিকা।”
অভিযুক্ত পত্রিকাগুলো বন্ধ করে দেয়া হবে কি না জানতে চাওয়া হলে ইনু বলেন, “বর্তমানে গণমাধ্যমের যে আইন-কানুনগুলো আছে সেই আইনে কোন সংবাদপত্র নিষিদ্ধ করা যাবে না, আইনগত সীমাবন্ধতা রয়েছে।”
জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে তার ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগের এই আন্দোলন শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে সারা দেশে।
এর একাদশ দিনে, গত ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীতে খুন হন এই আন্দোলনের কর্মী ও স্থপতি রাজীব।
রাজীব খুন হওয়ার পর বিভিন্ন পত্রপত্রিকায় প্রচারণা চালানো হয়, তিনি ইসলামের বিরুদ্ধে লিখতেন। ২২ ফেব্রুয়ারি আমার দেশের প্রধান প্রতিবেদনের শিরোনামে লেখা হয়- ধর্ম ও আদালতের অবমাননা করছে ব্লগারচক্র।
আর সেদিন জুমার নামাজের পর কয়েকটি ইসলামী দলের ব্যানারে শাহবাগের জানগরণমঞ্চবিরোধী মিছিল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালানো হয়। চট্টগ্রাম ও সিলেটে জাগরণমঞ্চে ভাংচুর চালায় মিছিলকারীরা। হামলা থেকে বাদ যায়নি শহীদ মিনারও।
এসব ঘটনায় উস্কানি দেয়ার দায়ে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে কি না জানতে চাইলে হাসানুল হক ইনু বলেন, “এ ব্যাপারে পদেক্ষেপ নিতে সরকার প্রস্তুতি নিচ্ছে এবং সব ধরনের আইন খতিয়ে দেখা হচ্ছে।”
সামাজিক মাধ্যম যেমন ব্লগ, ফেইসবুক বা টুইটারের ব্যক্তিগত বক্তব্য সংবাদপত্রে প্রকাশ করা অপরাধ এবং হযরত মোহাম্মদকে (স.)নিয়ে কুরুচীপূর্ণ বক্তব্য প্রচার অমার্জনীয় অপরাধ বলেও জানান মন্ত্রী।
লেখা নিহত রাজীবের নয়
নিহত রাজীব হায়দায়ের নামে প্রচার করা ব্লগটি তার নিজের নয় বলে জানিয়েছেন হাসানুল হক ইনু।
আন্তর্জাতিক ওয়েবসাইট পর্যবেক্ষক আন্তজার্তিক প্রতিষ্ঠানের তথ্য নিয়ে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।
“তবে রাজীবের ব্লগে যাই থাকুক আইন অনুযায়ী তা কোন পত্র-পত্রিকা প্রচার বা পুন:প্রচার করতে পারে না। ব্লগে যে ঘটনাগুলো ঘটছে প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে খুঁজে দেখা হচেছ এর পেছনে আসল ইন্ধনদাতা কে এবং তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”
মন্ত্রী বলেন, ব্লগের সূত্র ধরে যে প্রচার করা হচ্ছে এবং এর ধারাবাহিকতায় যে হরতাল ডাকা হচ্ছে, তা প্রমাণ করে তারা পরিকল্পিতভাবে চক্রান্ত করছে।
গত সাড়ে চার বছরে সরকার বা মন্ত্রীরা ইসলামবিরোধী কোনো মন্তব্য করেননি বলেও জানান হাসানুল হক ইনু।
