সুন্দরবনে টিকে আছে ৪৪০ বাঘ
সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে ৮০-৮৫ হাজার হরিণ, ৪০ থেকে ৫০ হাজার বানর ও ২০০-২৫০টি লোনাপানির কুমির আছে বলে সংসদে জানিয়েছেন বনমন্ত্রী।
সর্বশেষ জারিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ৪৪০টি বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।
বুধবার জাতীয় সংসদে সাধনা হালদারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ৪৪০টি বাঘের মধ্যে প্রাপ্তবয়স্ক ৪১৯টি ও বাকি ২১টি বাচ্চা বাঘ।
প্রাপ্ত বয়স্কগুলোর মধ্যে বাঘ ১২১টি ও বাঘিনী ২৯৮টি ।
তিনি জানান, সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে ৮০-৮৫ হাজার হরিণ, ৪০ থেকে ৫০ হাজার বানর এবং ২০০-২৫০টি লোনাপানির কুমির আছে।
বাঘ রক্ষার জন্যে সরকারের টাইগার এ্যাকশন প্লান ২০০৯-২০১৭ বাস্তবায়ন চলছে জানিয়ে হাছান বলেন, “পরিকল্পনা অনুযায়ী ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি প্রটোকল ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সুন্দরবনের বাঘ ও জীববৈচিত্র্য সংরক্ষণে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।"
বাঘ, হরিণ, কুমির নিধন বন্ধে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানান মন্ত্রী।
শাহিদা তারেখ দিপ্তীর প্রশ্নের জবাবে হাছান মাহমুদ জানান, সর্বশেষ জলচর পাখি শুমারি অনুযায়ী হাকালুকি হাওড়ে ৬১ প্রজাতির ৬৪ হাজার ২৮২টি পাখি পাওয়া যায়।
আগের বছরের তুলনায় ২০১১ সালে ৬ প্রজাতির ১৫ হাজার ৩৬টি পাখি বেশি পাওয়া যায়।
