‘বিশ্ববিদ্যালয় কলেজ নামকরণ বিভ্রান্তিকর’
কোনো সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে নামকরণ করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বক্তৃতায় শাহবাগের আন্দোলনকারীদের অভিনন্দন জানান তিনি।
বিকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। পরে দিনের কার্যসূচিতে প্রধানমন্ত্রীর জন্যে নির্ধারিত প্রশ্ন উপস্থাপিত হয়।
এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ মো. শফিকুল ইসলাম জানতে চান, তার নির্ববাচনী এলাকার একমাত্র সরকারি কলেজে ১৩টি বিষয়ে সরকার অনার্স কোর্স চালু করেছে। এমন কলেজগুলোকে বিশ্ববিদ্যালয় কলেজ ঘোষণার পরিকল্পনা সরকারের রয়েছে কি না?
জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশের কোনো সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে নামকরণ করা হয়নি। বিশ্ববিদ্যালয় কলেজ নামে কোনো কলেজের নামকরণের বিষয়টি বিভ্রান্তিকর।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় কলেজ নামে কোনো কলেজের নাম ব্যবহার না করার জন্যে ইতোমধ্যে শিক্ষামন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে। দেশের যেসব কলেজে অনার্স কোর্স চালু রয়েছে সে কলেজগুলোকে বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে ঘোষণা দেওয়ার সরকারের আপাতত কোনো পরিকল্পনা নেই।”
নূর-ই-হাসনা লিলি চেৌধুরীর প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং দৃঢ় প্রতিজ্ঞ।
এ লক্ষ্যে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, নির্বাচনী অঙ্গীকার ও আইনের শাসন সুপ্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন দেশের বিভিন্নস্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ (যেমন-নরহত্যা, যুদ্ধাপরাধ, অগ্নিসংযোগ, ধর্ষণ ইত্যাদি) বিচারের জন্য দুটি ট্রাইব্যুনাল গঠন করে বিচারের কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে ট্রাইব্যুনালের ১১টি মামলা বিচারাধীন রয়েছে ও ২টি মামলার রায় ইতোমধ্যে ঘোষিত হয়েছে।
জিডিপি ৭.২ শতাংশের আশা
শাহরিয়ার আলমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ক্রান্তিলগ্নে সরকারের সতর্ক পদক্ষেপে ও সুদূর প্রসারী কর্মকাণ্ডে দেশের অর্থনীতি বিশ্বমন্দায় ক্ষতিগ্রস্ত হয়নি। বরং ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত গড়ে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। অথচ একই সময়ে বিশ্ব প্রবৃদ্ধি গড়ে শতকরা ৩ শতাংশের নিচে ছিল।
“বর্তমান সরকারের আমলে বিশ্ব প্রবৃদ্ধির তুলনায় দেশের প্রবৃদ্ধির হার দ্বিগুণেরও বেশি হয়েছে। আলোচ্য অর্থ বছরে আমাদের জিডিপির প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ শতাংশ হবে বলে আশা করা যাচ্ছে।”
