এমপিদের গাড়ি নিয়ে নামার আহ্বান
জামায়াতে ইসলামীর হরতাল প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার সবাইকে নিজের গাড়ি নিয়ে রাস্তায় নামতে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
বুধবার মতিঝিলে সমাবেশে বক্তব্যে এই আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বৃহস্পতিবার জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রায়ের এই দিনে হরতালের ডাক দিয়েছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী।
এই হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়ে বাপ্পাদিত্য বলেন, “জামায়াতের হরতালকে ব্যর্থ করে দেয়ার জন্য আপনারা সবাই আপনাদের গাড়ি নিয়ে রাস্তায় নামবেন। মনে রাখবেন, আপনার একটি গাড়ির দামের চেয়ে বাংলাদেশের পতাকা ও সার্বভৌমত্বের দাম অনেক বেশি।”
সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “আপনারাও আপনাদের ট্যাক্স ফ্রি গাড়ি নিয়ে আগামীকাল রাস্তায় থাকবেন।”
সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারও জামায়াতের হরতাল প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, “আপনারা সবকিছু খোলা রাখবেন। যেভাবে প্রতিদিনের কাজ চালিয়ে যাচ্ছেন, সেভাবে চালিয়ে যাবেন।”
