২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ চট্টগ্রামে

যুদ্ধাপরাধীদের ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 11:59 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

বুধবার বিকালে বন্দরনগরীর ফয়’স লেক বধ্যভূমিতে এই শপথ নেয় চট্টগ্রামের নানা শ্রেণি-পেশার হাজারো জনতা।

পাশাপাশি বৃহস্পতিবার জামায়াত ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাখানেরও ঘোষণা দেয়া হয়।

বিকাল ৩টায় বধ্যভূমি এলাকায় গণ জাগরণ মঞ্চের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে।

এরপর যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াত ইসলামীর রাজনীতি বন্ধের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান তুলে সমবেত জনতা।

স্লোগান শেষে প্রতিবাদী গান পরিবেশন করেন উদীচী’র শিল্পীরা। 

বিকাল সাড়ে ৪টায় শপথ বাক্য পাঠ করান আশিকুজ্জামান চৌধুরী নামে এক তরুণ।

এদিকে, বিকাল ৩টায় গণজাগরণ মঞ্চের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর কথা থাকলেও দুপুরের পর থেকে বধ্যভূমিতে আসতে শুরু করে লোকজন। বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো আসে মিছিল সহকারে।

বধ্যভূমির কর্মসূচি থেকে জামায়াত ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধেরও দাবি তোলা হয়।

শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চ, চট্টগ্রামের আহ্বায়ক ডা. একিউএম সিরাজুল ইসলাম. সদস্য সচিব ডা. চন্দন দাশ, সমন্বয়ক শরীফ চৌহান, ৭১’ ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শওকত বাঙালি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, সংস্কৃতি কর্মী রাশেদ হাসান প্রমুখ।

শপথ শেষে একটি মিছিল বধ্যভূমি থেকে প্রেস ক্লাবে এসে শেষ হয়।