‘ওই টাকা কোকোর নয়’
সিঙ্গাপুরের ফেয়ারহিল কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের নামে পাচার করা অর্থ খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নয় বলে দাবি করেছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
কোকোর পাচার করা অর্থ ফেরত এসেছে
“এই মামলায় হাবিবুর রহমানকে আসামি করা হয়নি। প্রকৃত অর্থে সরকার বিদেশি চক্রের সহায়তায় আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল।”
তিনি বলেন, হতে পারে সেখান থেকে টাকা আসছে। কিন্তু সেই টাকা কোকোর নয়।
ব্রিফিংয়ের পর যোগাযোগ করা হলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ফেয়ার হিল কোম্পানির অ্যাকাউন্টের সঙ্গে আরাফাত রহমান কোকো পাসপোর্ট জমা দিয়েছেন। অ্যাকাউন্ট করার দিন নিজে উপস্থিত ছিলেন সেখানে।
“সিঙ্গাপুরে একটি আদালতে বিদেশিদের মানি লন্ডারিংয়ে সহায়তা করার জন্য অভিযুক্ত হওয়ার পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। যেখানে তিনি কোকোর নাম বলেন। ওই মামলায় তার জরিমানা হয়েছিলো।”
সিঙ্গাপুরের একটি আদালত বাংলাদেশ সময় গত মঙ্গলবার সকালে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্রতিষ্ঠান ফেয়ারহিল কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের নামে পাচার করা অর্থ বাংলাদেশকে ফিরিয়ে দিতে বলে।
এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছর ২২ নভেম্বর জানায়, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে কোকোর পাচার করা ২০ লাখ ৪১ হাজার সিঙ্গাপুরি ডলার (প্রায় সাড়ে ১৩ কোটি টাকা) তারা দেশে ফিরিয়ে এনেছে।
পরে এ টাকার লভ্যাংশ বাবদ আরো ২৩ হাজার ৮০০ সিঙ্গাপুরি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকা) দুদকের ব্যাংক হিসাবে জমা হয়।
দুদক চেয়ারম্যান গোলাম রহমান সে সময় জানিয়েছিলেন, কোকোর পাচার করা আরো ৯ লাখ ৩৬ হাজার মার্কিন ডলার ফেরত আনার বিষয়টি প্রক্রিয়াধীন।
এর আগে কোকোর পাচার করা অর্থ নিজের অ্যাকাউন্টে রাখার দায়ে ২০১১ সালের জানুয়ারিতে সিঙ্গাপুরি ব্যবসায়ী লিম সিউ চেংকে ৯ হাজার ডলার জরিমানা করে দেশটির আদালত।
এই সিউ চেংয়ের সহায়তা নিয়েই সিঙ্গাপুরে ফেয়ারহিল কনসাল্টিং প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠা করেন কোকো। সিঙ্গাপুরি নাগরিক সিউ চেংয় ছিলেন ওই কোম্পানির নমিনি ডিরেক্টর ও শেয়ার হোল্ডার।
সে সময় সিঙ্গাপুরের দৈনিক স্ট্রেটস টাইমসের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে মামলার তদন্তের বরাত দিয়ে বলা হয়, ২০০৪ সালের এপ্রিল মাসে আরাফাত রহমান কোকো জাস ট্রেডিং অ্যান্ড কনসালটিংয়ের সঙ্গে যৌথ ব্যবসা খোলার আগ্রহ প্রকাশ করেন। এরপর সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিস ব্যাংকে (ইউওবি) জাস ট্রেডিংয়ের নামে অ্যাকাউন্ট খোলা হয়, যার পরিচালনাকারী ছিলেন কোকো ও লিম সিও চেং।
এর এক বছর পর কোকো সিঙ্গাপুরে ফেয়ারহিল কনসালটিং নামের দ্বিতীয় কম্পানি প্রতিষ্ঠা করেন। ইউনাইটেড ওভারসিস ব্যাংকে এ কোম্পানির নামেও ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়, যা পরিচালিত হয় লিম সিও চেংয়ের স্বাক্ষরে।
২০০৭ সালের ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশে রাজনৈতিক সঙ্কটের অজুহাত দেখিয়ে লিমকে কম্পানি দুটি বন্ধ করে দিতে বলেন কোকো। সে সময় কোকো ফেয়ারহিলের অ্যাকাউন্টে থাকা ৯ লাখ ৬৭৭ আমেরিকান ডলার (১২ লাখ সিঙ্গাপুরি ডলার) ও জাসের অ্যাকাউন্টে থাকা ২০ লাখ ১৩ হাজার ৪৬৭ আমেরিকান ডলার সিও চেংয়ের ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করতে বলেছিলেন। বাংলাদেশ সরকারের অনুরোধে সিঙ্গাপুর সরকার ওই দুটি অ্যাকাউন্টই ফ্রিজ করে রাখে।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ‘ঘুষ’ হিসেবে নেয়া অর্থ পাচারের জন্য আরাফাতের ছয় বছরের কারাদণ্ড হয়েছে। সেই সঙ্গে জরিমানা হয়েছে ১৯ কোটি টাকা।
তত্ত্বাবধায়ক সরকার আমলে গ্রেপ্তারের পর সরকারের নির্বাহী আদেশে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য ব্যাংককে পাড়ি জমানো আরাফাত আর ফেরেননি। তার অনুপস্থিতিতেই রায় হয়।
