কূপন বিক্রির ‘নির্দেশ’ প্রাথমিক শিক্ষকদের উপর
কিশোরগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের দিয়ে কূপন বিক্রি করানোর অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের বিরুদ্ধে।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি শহরের পুরাতন কালেক্টরেট চত্ত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) মেলার শেষদিন র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।
অন্যান্যদের মতো র্যাফেল ড্র’র কূপন বিক্রি করছেন প্রাথমিক বিদালয়ের শিক্ষকরাও। উপজেলা প্রশাসন থেকে তাদের এ দায়িত্ব চাপিয়ে দেয়া হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকরা জানান।
শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের কাছে ১০ টাকা দামের এসব কূপন বিক্রি করছেন। কোনো কোনো ক্ষেত্রে তারা ঠিকমতো শ্রেণির পাঠদানও করতে পারছেন না বলে অভিযোগ করেন।
কূপন বিক্রির জন্য শিক্ষকরা ক্ষেত্র বিশেষে শিক্ষার্থীদের চাপ প্রয়োগ করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
কিশোরগঞ্জ আদর্শ শিশু বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী হুমায়রা আফরোজ কৃষ্টি, শোলাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী তাইফা সাঈফ, তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী লায়লা ইসলাম অর্পিতাসহ বেশ কয়েকজন শিক্ষার্থীরা জানায়, শিক্ষকরা তাদের কাছে কূপনের বিনিময়ে টাকা চেয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও বেশ কয়েকজন সহকারী শিক্ষক জানান, কূপন বিক্রি শিক্ষকদের কাজ নয়। এরপরও উপজেলা প্রশাসনের চাপে বাধ্য হয়ে তারা কূপন বিক্রি করছেন।
নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ না হলে নিজের পকেট থেকে টাকা দিতে হবে বলে তাদের জানানো হয়েছে, বলেন তারা।
এ বিষয়টি অভিভাবকসহ সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
কিশোরগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক শিক্ষাবিদ আবু খালেদ পাঠান শিক্ষকদের দিয়ে কূপন বিক্রির তীব্র নিন্দা জানান এবং এটি অনৈতিক বলে দাবি করেন।
সচেতন নাগরিক কমিটির (সনাক) শিক্ষা বিষয়ক উপ-কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল গনি বলেন, “শিক্ষকরা শিক্ষার্থীদের কাছে লটারির কূপন বিক্রি করবেন, তা খুবই অন্যায়।”
এ ব্যাপারে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুব্রত পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাদের কূপন বিক্রির জন্য দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী বলেন, শিক্ষকদের দিয়ে লটারির কূপন বিক্রির বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
