২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অপহৃত কলেজছাত্রী উদ্ধার

চট্টগ্রামে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 10:42 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

চট্টগ্রামে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।

মঙ্গলবার রাতে নগরীর বায়েজীদ থানা এলাকার আরেফিন নগর থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এর সঙ্গেই বাকলিয়া থানার কালামিয়া বাজার থেকে কার্ত্তিক ধর (২১), মো. মিজান (২৩), বাপ্পি দত্ত (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডবলমুরিং থানার সহকারী পরিদর্শক (এসআই) প্রিটন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় তিন যুবক কলেজ ছাত্রীটিকে অপহরণ করে এবং তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

মেয়েটির চাচা তখন ঘটনাটি পুলিশকে জানায়। এরপর তার মাধ্যমে পাঁচ লাখ পরিশোধ করার কথা অপহরণকারীদের জানিয়ে পুলিশ ফাঁদ পাতে।

দুপুরে অপহরণকারীরা নগরীর জিইসি মোড় এলাকায় টাবা নিয়ে যেতে বলে। অপহৃতার পরিবার টাকা নিয়ে গেলেও অপহরণকারীরা যায়নি।

“এভাবে আটটি স্থান পরিবর্তনের পর রাত দেড়টার দিকে কালামিয়া বাজার এলাকা থেকে পুলিশ তিন অপহরণকারীকে গ্রেপ্তার করে,” বলেন এসআই প্রিটন।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাত ৩টার দিকে আরেফীন নগর এলাকায় মিজানের বাসা থেকে ছাত্রীকে পাওয়া যায় বলে এই পুলিশ কর্মকর্তা জানান।