শাবি প্রেসক্লাবের কার্যক্রম স্থগিত
কমিটির অনুমোদন না থাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রেসক্লাবের কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।
প্রক্টরিয়াল কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু ক্যাম্পাসে অনুমোদিত কোন প্রেসক্লাব কমিটি নেই এবং কেউ কেউ কমিটির নাম ও পদবী ব্যবহার করে বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই প্রক্টরিয়াল কমিটি প্রেসক্লাবের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।”
অনুমোদিত কমিটি হওয়ার পর এ স্থগিতাদেশ তুলে নেয়া হবে বলেও জানান তিনি।
সম্প্রতি মুক্তিযুদ্ধের ভাস্কর্য স্থাপনের আন্দোলনের বিরোধিতা করে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কমিটির নামে বিবৃতি দেয়া হয়। ওই ঘটনার পর সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি প্রেসক্লাবের বেশিরভাগ সদস্য অনুমোদনহীন ওই কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দেয়।
এরই পরিপ্রেক্ষিতে প্রক্টরিয়াল কমিটি প্রেসক্লাবের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয়।
